ঘিওরে পুলিশ কর্মকর্তার মা খুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে তাজাল্লিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ির একটি ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।তাজাল্লিয়া বেগম ঢাকায় কর্মরত পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক এ টি এম মনিরুজ্জামানের মা। পুলিশ, এলাকাবাসী এবং তাজাল্লিয়ার স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গ্রামের এক ব্যক্তি গতকাল সকাল আটটার দিকে দুধ দেওয়ার জন্য ওই বাড়িতে যান। ডাকাডাকি করলেও ঘর থেকে কেউ বের না হওয়ায় তিনি পাশের বাড়ি থেকে লোকজন ডেকে আনেন। পরে প্রতিবেশীরা এসে বাইরে থেকে ঘরের দরজা খুলে ভেতরে ঢোকেন। তাঁরা হাত-পা বাঁধা ও গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাজাল্লিয়ার লাশ দেখতে পেয়ে আত্মীয়স্বজন ও পুলিশকে খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।তাজাল্লিয়া বেগমের ছেলে মনিরুজ্জামান বলেন, তাঁদের সঙ্গে কারও কোনো বিরোধ বা দ্বন্দ্ব ছিল না। কী কারণে কে বা কারা তাঁর মাকে হত্যা করেছে, তা স্পষ্ট নয়। ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম বলেন, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাজাল্লিয়া বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।