মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই এবং এক কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল রোববার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার কয়েকটি কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করেছেন। এ ঘটনায় কর্তৃপক্ষ দুই দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু অ্যাটেয়ার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় সাত শতাধিক শ্রমিক কাজ করেন। গত শনিবার কর্তৃপক্ষ ১৩ জন শ্রমিককে ছাঁটাই করে। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। এরপর তাঁরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার বেশ কয়েকটি কক্ষ ও আসবাবপত্র (চেয়ার-টেবিল) ভাঙচুর করেন। এ সময় কক্ষের ভাঙা কাচের আঘাতে রুমা আক্তার ও তুষার হোসেনসহ অন্তত পাঁচজন শ্রমিক আহত হন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর পরও শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন এবং কারখানায় হামলার চেষ্টা করেন। এ সময় ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। কারখানার শ্রমিক আদিল হোসেন অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী তিন মাস ১৩ দিনের বেতন দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের কথা থাকলেও কর্তৃপক্ষ তা করে না। এর প্রতিবাদ করলে কারখানা মালিকের ভাড়াটে সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে। সেলাই বিভাগের লাইনম্যান আদুরী বেগম বলেন, কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. সেন্টু হোসেন শ্রমিকদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। বিনা কারণে নারীশ্রমিকদের বকাঝকা করেন ও কুপ্রস্তাব দেন। অভিযোগ অস্বীকার করে সেন্টু হোসেন বলেন, শ্রমিকেরা কাজ ফেলে গল্পগুজব করেন। এ জন্য তাঁদের মাঝেমধ্যে একটু ধমক দেওয়া হয়।এ ব্যাপারে কারখানার মালিক হারুনার রশিদ খানের (মুন্নু) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে গতকাল দুপুরে হারুনার রশিদ খানের সঙ্গে তিনিসহ শিবালয় সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ওহিদুজ্জামান আলোচনায় বসেন। আগামী ২ মে নিয়ম অনুযায়ী ছাঁটাই করা শ্রমিকদের বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অভিযোগ ওঠা কর্মকর্তাকে কারখানা থেকে অন্যত্র পাঠানোরও সিদ্ধান্ত হয়।