ঘিওরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলণ্ড এলাকায় মুন্নু অ্যাটিয়ার লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে গিলণ্ড এলাকায় ওই কারখানা অবস্থিত। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয় না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গত ডিসেম্বর মাসের বেতন-ভাতা গতকাল দেওয়ার কথা ছিল। তবে কারখানায় এসে বেতন-ভাতার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান নেন। একপর্যায়ে বেলা একটার দিকে কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা মহাসড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বেলা দেড়টার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এতে ব্যর্থ
হয়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে ছত্রভঙ্গ হয়ে যান শ্রমিকেরা। এ ঘটনায় গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কয়েকজন শ্রমিক বলেন, পুলিশের লাঠিপেটায় শিল্পী আক্তার, লিজা আক্তারসহ কমপক্ষে পাঁচ শ্রমিক আহত হন।
এ বিষয়ে জানতে কারখানায় গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। কারখানার ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা মো. পারভেজের সঙ্গে কথা হলে তিনি কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) শামিম হোসেনের মুঠোফোন নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন। কারখানার নম্বর চাইলেও তিনি দেননি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। তবে শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ তিনি অস্বীকার করেন।