ঘিওরে যুবলীগ ও ছাত্রদলের নেতা কর্মীসহ গ্রেপ্তার ৬
ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর থানার পুলিশ যুবলীগ ও ছাত্রদলের নেত-কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল ঘিওর থানার সামনে বিক্ষোভ করেছেন। গ্রেপ্তারের প্রতিবাদে যুবলীগ আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কর্মসূচি দিয়েছে।ঘিওর থানার পুলিশ জানায়, সম্প্রতি ঘিওর উপজেলার বালিয়াখোড়া, বানিয়াজুড়ী, পুখুরিয়া ও তাড়াইল গ্রামে বেশ কয়েকটি ডাকাতি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার রাতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার মিতরা গ্রামের কহিনুর নামে এক ব্যক্তিকে আটক করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ শনিবার রাতে শিবালয় উপজেলা যুবলীগের সহসভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের নেতা আবু সায়েম, সুজাউদ্দিন বুলবুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠিয়ে দেন। দুই নেতার গ্রেপ্তার হওয়ার খবরে সকাল থেকে শিবালয় ও ঘিওর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হতে থাকেন। দুপুরের দিকে তাঁরা থানার সামনে বিক্ষোভ করেন।শিবালয় উপজেলা যুবলীগের সভাপতি আলী আহসান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আজাদ ও টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।’ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, কহিনুর ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।