ঘিওরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা?
মানিকগঞ্জের ঘিওরে গত মঙ্গলবার রাতে রিতা রানী সূত্রধর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিতা রানীর স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।
রিতা রানী (২০) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামের গোবিন্দ সূত্রধরের মেয়ে। তাঁর স্বামী প্রদীপ সূত্রধর (৩০) ঘিওরের তেরশ্রী ধানগৌড়ি গ্রামের রতন সূত্রধরের ছেলে। প্রদীপ ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
রিতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ পারিবারিকভাবে প্রদীপ সূত্রধরের সঙ্গে রিতা রানীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে পাঁচ ভরি স্বর্ণালংকার, টাকাসহ চার লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়। চার মাস আগে পোশাক কারখানার চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন প্রদীপ। এরপর থেকে তাঁর বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য রিতাকে চাপ দিচ্ছিলেন প্রদীপ। এতে রাজি না হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর প্রায়ই নির্যাতন করতেন। দাম্পত্য কলহের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গলায় ফাঁস নেন রিতা। মঙ্গলবার রাত আটটার দিকে কে বা কারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিতার লাশ ফেলে চলে যায়। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, গতকাল বুধবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বোঝা যাচ্ছে না।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রদীপ সূত্রধরের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। প্রদীপের বাবা রতন সূত্রধর বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। শুনেছি, রিতা আত্মহত্যা করেছে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।