ঘিওরে সরকারি পুকুর দখল করে প্রভাবশালীদের ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওরের কুস্তা এলাকায় সরকারি পুকুরের পাশ দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মানিকগঞ্জের ঘিওরের কুস্তা এলাকায় সরকারি পুকুরের পাশ দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পূর্ব-পশ্চিম পাশে দখল, উত্তর-দক্ষিণেও দখলদারের থাবা। মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের কুস্তা এলাকার জনগুরুত্বপূর্ণ একটি সরকারি পুকুরের এ হাল। প্রভাবশালী ব্যক্তিরা এভাবে দখলের মাধ্যমে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির অংশ বাড়িয়েছেন।
পুকুরটি দখলমুক্ত করার দাবিতে ৮ মে উপজেলা প্রশাসনের কাছে একটি চিঠি দেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, কুস্তা এলাকার ঘিওর হাটবাজারে সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট রয়েছে। ব্যবসায়ী ও আশপাশের জনসাধারণের সুবিধার্থে দীর্ঘদিন আগে বাজারের মাঝখানে সরকারি জমিতে ৬৬ শতাংশ আয়তনের পুকুরটি খনন করা হয়। এই পুকুরের পানি গোসলসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ছাড়া হাটবাজারে আগুন লাগলে তা নেভাতে এই পুকুরের পানি কাজে লাগে। কিন্তু দখলদারদের থাবায় পুকুরটি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এখানেই দখল থেমে নেই। বর্তমানে উত্তর পাশে স্থানীয় সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু তায়েব ও তাঁর চাচাতো ভাই সামছুল হক, পশ্চিমে আবদুল জব্বার, পূর্বে আবু হানিফসহ কয়েকজন এবং দক্ষিণে আরও কয়েকজন পুকুরের জায়গা দখল করে নিজেদের ভবন সম্প্রসারণ করেছেন। আরও কয়েকজন দখলের চেষ্টা করছেন। এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে পুরো পুকুরটি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
পুকুরের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন আবু তায়েব, সামছুল হক, আবু হানিফ ও আবদুল জব্বার। তাঁরা দাবি করেন, নিজেদের জমিতেই তাঁরা ভবন নির্মাণ করছেন। বরং পুকুরের ভেতরেই তাঁদের জমি রয়েছে।
ঘিওর হাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, গত এক যুগে এই হাটবাজারে ছোট-বড় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা নেভাতে এই পুকুরের পানি বড় ভূমিকা রাখে। কিন্তু একের পর এক দখল হয়ে যাওয়ায় পুকুরের আয়তন ছোট হয়ে এসেছে।
২২ মে সরেজমিনে দেখা যায়, চারপাশ দিয়ে পুকুরের মধ্যে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভবন ও বাসাবাড়ির পেছনের অংশ রয়েছে। কয়েকটি ভবন এখনো নির্মাণাধীন। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরিন বলেন, সরকারি পুকুরের জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।