ঘিওরে সেই কবরকে কেন্দ্র আবার অর্থ-বাণিজ্য শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে সেই মেয়েশিশুর কবরকে ‘পানি পাগলির মাজার’ বানিয়ে আবার অর্থ-বাণিজ্য শুরু হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কিতাব আলী এ কাজের সঙ্গে জড়িত বলে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।
সিংজুরীর বৈলতলা গ্রামের একাধিক লোক জানান, গত ৩ মার্চ উপজেলার বৈলতলা গ্রামের কালীগঙ্গা নদীর হাঁটুপানিতে ১০-১২ বছরের অজ্ঞাতপরিচয়ের মানসিক প্রতিবন্ধী এক মেয়ের মৃতদেহ পাওয়া যায়। এরপর ময়নাতদন্ত ছাড়াই ঘিওর থানার পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিরা ওই স্থানের পাশেই শিশুকে কবর দেন। কয়েক দিন পর ইউপি সদস্য কিতাব আলীসহ আরও কয়েকজন মেয়েটির কবর নিয়ে গুজব ছড়ান যে মৃত স্থানের পানি পান ও মাটি ব্যবহার করে কয়েকজন রোগী সুস্থ হয়েছে। ওই গুজবে বিশ্বাস করে হাজারো মানুষ ছুটতে থাকে ওই কবরে। অন্ধবিশ্বাসী দূর-দূরান্তের লোকজন ওই কবরে টাকা-পয়সা, ছাগল, মুরগিসহ চাল-ডাল দিতে থাকে। প্রতিদিন তিন থেকে পাঁচ লাখ টাকা উঠতে থাকে। এর অধিকাংশ অর্থ আওয়ামী লীগের নেতা আজিজ, ইউপি সদস্য কিতাব আলীসহ স্থানীয় কয়েকজনের পকেটে যায়। বাকি কিছু অংশ কথিত ‘মাজার’ পরিচালনা কমিটির মাধ্যমে ব্যাংকে রাখা হয়।
এ নিয়ে সে সময় প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন এসব কর্মকাণ্ড বন্ধ করে দেয়। কালীগঞ্জ নদীতে পানি শুকিয়ে যাওয়ার পর সম্প্রতি ওই কবরকে কেন্দ্র করে আবার অর্থ-বাণিজ্য শুরু হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শিশুটির কবরের চারপাশে বিভিন্ন ধরনের খাবার, মনিহারি, মোমবাতি ও আগরবাতির দোকান বসেছে। জেলার বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ ও শিশুরা ওই কবরের ওপর বিছানো লালসালুতে পাঁচ থেকে ১০০ টাকা পর্যন্ত রাখছিল। এরপর পাশে রাখা মাটি শরীরে মাখছে। কেউ কেউ এই মাটি নিয়েও যাচ্ছে। এসব রোগীর অধিকাংশ পক্ষাঘাতগ্রস্ত।
সিংজুরী ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘জনপ্রতিনিধি হওয়ায় ওই সময় আমাকে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু শুরু থেকেই আমি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিলাম। অবৈধ কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছি।’ তিনি বলেন, আবদুল আজিজ, কিতাব আলী, স্থানীয় হাবিবুর রহমানসহ আরও কয়েকজন আবার মাজার-বাণিজ্য শুরু করেছেন।
তবে নতুন করে অর্থ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে আবদুল আজিজ ও কিতাব আলী দাবি করেন, কে বা কারা এসব কর্মকাণ্ড শুরু করেছে, তা তাঁদের জানা নেই। ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মোহাম্মদ আলী বলেন, এর আগে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হয়। আবার শুরু হলে খোঁজখবর নিয়ে তা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।