ঘিওরে সেই মেয়েশিশুটির কবরে পাকা স্থাপনা নির্মাণকাজ বন্ধ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সেই মেয়েশিশুটির কবরে পাকা স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা ও পুলিশ প্রশাসন। এর আগে সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে গত শুক্রবার মামলা করা হয়। গত শনিবার এক ঠিকাদারকে গ্রেপ্তার করে পুলিশ।উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, গত ৩ মার্চ উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে কালীগঙ্গা নদীর হাঁটু পানিতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক মেয়ের লাশ পাওয়া যায়। এরপর ময়নাতদন্ত ছাড়াই নদীর পাশে সরকারি জমিতে ১০-১২ বছর বয়সী ওই মেয়েকে কবর দেওয়া হয়। জনপ্রতিনিধিরা গুজব ছড়ান, ওই কবরের পাশের মাটি শরীরে দিলে ও পানি পান করলে সুস্থ হওয়া যায়। সম্প্রতি মেয়েটির কবরের চারপাশে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন ‘মাজার’ পরিচালনা কমিটির লোকজন। সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে শনিবার মামলা করেন সিংজুরী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন। এতে সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ‘মাজার’ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রশিদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। তবে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ এবং কোষাধ্যক্ষ সাবেক ইউপি সদস্য কিতাব আলীকে আসামি করা হয়নি।ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহামঞ্চদ আলী প্রথম আলোকে জানান, মেয়েশিশুটির কবরে পাকা স্থাপনা নির্মাণের সঙ্গে আবদুল আজিজ ও কিতাব আলী জড়িত নন উল্লেখ করে ২২ এপ্রিল মুচলেকা দিয়েছেন। এ কারণে তাঁদের আসামি করা হয়নি।ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম বলেন, শনিবার ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদার জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি বলেন, গত শনিবার রাতে শিশুটির কবরস্থানে গিয়ে সেখানকার কার্যক্রম বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।