ঘিওরে স্মৃতিস্তম্ভের জায়গায় ঘর তোলার অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় সরকারি জমিতে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ওই জমির ওপর শহীদ স্মৃতিস্তম্ভের পাশেই স্থানীয় এক ব্যক্তি ঘর উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধে ঘিওর উপজেলার পহেলা ইউনিয়নের তেরশ্রী গ্রামের নিরীহ ৪৩ জনকে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিনের দাবির মুখে তাঁদের স্মৃতি রক্ষার্থে তেরশ্রী-পয়লা মোড় এলাকায় সরকারি জায়গায় শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ঘিওর উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে তেরশ্রী-পয়লা মোড় এলাকায় ১৩ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে শহীদ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের কারিগরি নির্দেশনায় এটি নির্মাণ করা হচ্ছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। উত্তর পাশে সীমানা ঘেঁষে তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি নেটওয়ার্ক কোম্পানির টাওয়ার রয়েছে। এর পাশেই নির্মল চন্দ্র দাসের বাড়ি। ওই নেটওয়ার্ক কোম্পানি যে জমির ওপর টাওয়ার বসিয়েছে, সেই জমির মালিকও তিনি। টাওয়ারের দক্ষিণ দিকে শহীদ স্মৃতিস্তম্ভের পাশে একটি লম্বা টিনের ঘর তুলেছেন নির্মল চন্দ্র দাস।শহীদ স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান অভিযোগ করেন, জমির পাশেই তাঁর বাড়ি হওয়ায় সীমানা ছেড়ে শহীদ স্মৃতিস্তম্ভের জমি দখল করে কয়েক দিন ধরে দোকানের জন্য তিনি ঘর তুলছেন। তিনি আরও বলেন, স্মৃতিস্তম্ভের পাশে দোকান কিংবা ঘর থাকলে স্মৃতিস্তম্ভের সৌন্দর্য নষ্ট হবে। তবে নির্মল চন্দ্র দাস দাবি করেন, নিজের জায়গাতেই তিনি ঘর তুলেছেন। সরকারি জায়গায় তোলা হলে ঘরটি তিনি ভেঙে ফেলবেন।ঘিওর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বলেন, ‘স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরুর আগে সার্ভে করা হয়। শহীদ স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির কাছ থেকে শুনেছি, স্মৃতিস্তম্ভের জায়গাতেই ঘর তোলা হয়েছে। এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘স্মৃতিস্তম্ভের জায়গায় স্থানীয় এক ব্যক্তি দোকানের জন্য ঘর উত্তোলন করেছেন বলে জেনেছি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’