ঘিওরে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় প্রিয়া আক্তার (১৯) নামের এক নববধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর স্বামী মো. রনিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঘিওরের পুটিয়াজানি গ্রামের ইমাম মোল্লার ছেলে মো. রনির সঙ্গে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাদবাহলী গ্রামের আক্কাস আলীর মেয়ে প্রিয়ার বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। গতকাল সকালে কেনাকাটা করার জন্য মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী মানিকগঞ্জ জেলা শহরে যান। বেলা আড়াইটার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রিয়া নিহত ও তাঁর স্বামী রনি আহত হন। রনিকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইয়ামিন-উদ-দৌলা বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।