ঘিওরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে পিকআপ ভ্যানের আরও তিনজন যাত্রী।

আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম গ্রামের শেফালি বেগম (৫০), তাঁর মেয়ে নাসরিন আক্তার (২৮), একই উপজেলার জয়নগর এলাকার মিজানুর রহমান (৩২) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা এলাকার পরাণ রাজবংশী (৪৮)।

পুলিশ, স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, সাতক্ষীরা থেকে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। তরা টোলপোস্ট এলাকা থেকে যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি আরিচার দিকে যাচ্ছিল। সকাল ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় ওই দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হন। শেফালি ও তাঁর মেয়ে নাসরিনকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিজানুর ও পরাণসহ আহত অন্য তিন যাত্রীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মিজানুর ও পরাণকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও মেয়ের লাশ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিজানুর ও পরাণের লাশ সদর হাসপাতালে রয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ইয়ামিন-উদ-দৌল্লা বলেন, ঘটনাস্থল থেকে বাস আটক করা হলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।

মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।