ঘিওরে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার কুস্তা গ্রামের রিপন উল্লাহ, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান ও ইসমাইল হোসেন। আসামিদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে কুস্তা গ্রামের আবদুল আলিম বাড়ি থেকে ঘিওর বাজারে যাচ্ছিলেন। পথে ওই চারজন মাদকদ্রব্য কেনার জন্য আলিমের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা আলিমকে গলায় রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। এরপর কুস্তা সেতুর কাছে আলিমের লাশ ফেলে দেন। এর আগে আলিমের সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোন লুট করা হয়।