ঘিওরে ২০ লাখ টাকা লুট করে পালানোর সময় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকা থেকে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা লুট করে করে পালানোর সময় গতকাল রোববার রাতে সাত দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে ঢাকার আশুলিয়া থানা পুলিশ।তাদের কাছ থেকে পুলিশ হ্যান্ডকাপ, পুলিশের পোশাক, টুপি, বোমাসদৃশ বস্তু, বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করেছে। তবে লুট করা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মুশুফিকুর রহমান (৩৫), মনসুর আলী (৫৫), নুরুজ্জামান (৫২), কামরুল হাসান (৫৩), ইকবাল (৩০), আমিনুল ইসলাম (৩৫) ও মাইক্রোবাসচালক জীবন (৩০)। টাকা লুট করার সময় মুশফিকুর রহমানের গায়ে পুলিশের পোশাক ছিল। তিনি ২০০১ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।শিল্প পুলিশে কর্মরত অবস্থায় দুর্নীতির দায়ে ২০১১ সালে তিনি চাকরিচ্যুত হন। মানিকগঞ্জের ঘিওর ও আশুলিয়া থানার পুলিশ জানায়, রাজধানীর হাজারীবাগের ‘নোয়াখালী ট্যানারির’ মালিক শাহরিয়াত ছারোয়ার একটি জমির বায়না করার জন্য ২০ লাখ টাকা নিয়ে গতকাল দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে গিয়েছিলেন। কিন্তু দর বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত বায়না সম্পন্ন হয়নি। বায়না না হওয়ায় তিনি গতকাল সন্ধ্যার দিকে টাকাসহ একটি ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীতে ফিরছিলেন। রাত সোয়া সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের তরা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-১১-৬৪৪২) নিয়ে দুর্বৃত্তরা তাঁর গাড়ির গতিরোধ করে। এরপর মাইক্রো থেকে নেমে দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে টাকার ব্যাগসহ তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাঙ্গান ও জমি ব্যবসায়ী নুরুজ্জামানকে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত সটকে পড়ে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে রাঙ্গানকে নামিয়ে দিয়ে তারা টাকা নিয়ে সাভারের দিকে চলে আসে। ঘটনার পর শাহরিয়াত ছারোয়ার বিষয়টি মানিকগঞ্জ পুলিশকে জানালে পুলিশ ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভার থানাকে অবহিত করে। রাত আটটার দিকে আশুলিয়া থানার পুলিশ মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোসহ সাত দুর্বৃত্তকে আটক করে থানায় নিয়ে যায়।শাহরিয়াত ছারোয়ার জানান, আগের পরিচয়ের সূত্র ধরে জমি ব্যবসায়ী নুরুজ্জামানই তাঁকে শিবালয়ে জমি কিনতে উৎসাহিত করেন এবং বায়না করার জন্য নগদ টাকা নেওয়ার পরামর্শ দেন। তিনি অভিযোগ করেন, টাকা লুট করার জন্যই নুরুজ্জামানসহ জমির মালিক পরিচয়দানকারী ব্যক্তি পরিকল্পিতভাবে গতকাল তাঁকে টাকাসহ শিবালয় নিয়ে যান এবং তুচ্ছ অজুহাতে জমি বায়না করা থেকে বিরত রাখেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম জানান, টাকা লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কাছে টাকা পাওয়া যায়নি। সম্ভবত টাকাসহ কোনো একজন রাস্তায় নেমে গেছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।