ঘিওরের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মানিকগঞ্জের ঘিওর উপজেলা সাব-রেজিস্ট্রার রেহেনা বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তা সপ্তাহে দু-তিন দিন কর্মক্ষেত্রে আসেন। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে দলিল লেখকেরা কর্মবিরতি পালন করছেন। এতে জমির ক্রেতা-বিক্রেতারা বিপাকে পড়েছেন। নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগপত্রে ওই সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও অনিয়ম বন্ধ এবং তাঁকে বদলির দাবি জানানো হয়েছে। তবে রেহেনা বেগম তাঁর বিরুদ্ধে তোলা এসব অভিযোগ অস্বীকার করেছেন।ঘিওর উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এই কার্যালয়ে ২৫টি দলিল সম্পাদিত হয়। কিন্তু ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মাত্র চারটি দলিল সম্পাদিত হয়েছে। এখানে ২৮ জন নিবন্ধিত দলিল লেখক রয়েছেন।গতকাল সোমবার সরেজমিনে কার্যালয়ে গিয়ে দেখা যায়, দলিল লেখকেরা কর্মবিরতি পালন করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে সাব-রেজিস্ট্রার রেহেনা বেগম কার্যালয়ে আসেন। দলিল লেখকেরা অভিযোগ করেন, এক বছর ধরে রেহেনা বেগম হেবা দলিল ও দানপত্র দলিলের ক্ষেত্রে খারিজের অজুহাতে দুই থেকে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত টাকা আদায় করেন। কাগজপত্র সঠিক থাকলেও দলিলপ্রতি সরকারের ফি বাদে আরও ১০ শতাংশ টাকা আদায় করে থাকেন। তিনি সপ্তাহে দু-তিন দিন কার্যালয়ে আসেন।স্থানীয় বাসিন্দা মমিনুর রশিদ ও নূরুল ইসলাম অভিযোগ করেন, অতিরিক্ত অর্থ ছাড়া কোনো দলিলই সম্পন্ন হয় না। দলিল লেখকেরা তাঁদের কাছ থেকে অতিরিক্ত এই অর্থ নিয়ে থাকেন। রুহুল আমীন, আতোয়ার রহমান ও সাত্তার ভূইয়াসহ আরও কয়েকজন দলিল লেখক বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি দলিলে শতকরা নয় টাকা হারে নেওয়ার কথা। কিন্তু প্রতিটি দলিল সম্পাদনের ক্ষেত্রে তাঁদের (দলিল লেখক) দলিলগ্রহীতার কাছ থেকে এর দ্বিগুণ অর্থ নিতে হচ্ছে। আর এই অর্থ দিতে হয় সাব-রেজিস্ট্রারকে। অতিরিক্ত টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে দলিল সম্পাদন বন্ধ রাখেন তিনি। এতে দলিলগ্রহীতারা ভোগান্তিতে পড়েন।অভিযোগ অস্বীকার করে রেহেনা বেগম বলেন, দলিল সম্পাদনে সরকার-নির্ধারিত ফি নেওয়া হয়। অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হয় না। তিনি বলেন, ‘দলিল লেখকেরা অতিরিক্ত টাকা নিয়ে থাকলে সেটা আমার বিষয় নয়।’ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী বলেন, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শকের বরাবরে পাঠানো লিখিত অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব।