
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নারী রোগীদের জন্য তুলনামূলকভাবে শয্যা বরাদ্দ কম। অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশে নারী রোগীদের চিকিৎসা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, দেশের আর্থসামাজিক অবস্থার কারণে নারীদের হাসপাতালে আসার প্রবণতা কম। এ রকম ধারণা বিবেচনায় হাসপাতালগুলোতে শয্যা বরাদ্দ করা হয়। ফলে প্রায় সব হাসপাতালেই নারীর চেয়ে পুরুষের জন্য শয্যা বরাদ্দ বেশি।
হৃদ্রোগের বিশেষায়িত চিকিৎসার জন্য দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। পরিচালকের কার্যালয় থেকে সংগ্রহ করা তথ্যে দেখা যায়, ৪১৪ শয্যার এই হাসপাতালে দৈনিক গড়ে ৮০০ রোগী ভর্তি থাকে। শয্যা পূরণের হার ১৯৩ শতাংশ। বহির্বিভাগে দৈনিক গড়ে দেড় হাজার রোগী চিকিৎসা নেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের ওয়ার্ডটি ৭৪ শয্যার। কিন্তু প্রতিদিন দুই শর বেশি রোগী থাকে। গত সোমবার সকালে ছিল ২১১ জন। হাসপাতালের নিচতলায় পশ্চিম-উত্তর দিকে চার নম্বর ফটকে লেখা ‘শুধুমাত্র কিচেনের প্রয়োজনে খোলা হবে’। সোমবার সকালে ওই ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই চোখে পড়ে বর্জ্যের স্তূপ। পাশে অব্যবহৃত অ্যাম্বুলেন্স। একটু এগোতেই নাকে আসে খাবারের গন্ধ। এখানে হাসপাতালের রোগীদের খাবার রান্না হয়। রান্নাঘরের সামনের বারান্দার বাঁ দিকে হাসপাতালের পুরোনো আসবাব। আরেকটু এগোলেই পুরোনো চেয়ার-টেবিল, খাট, যন্ত্রপাতি, গ্যাস সিলিন্ডার, তোশক, ম্যাট্রেসের স্তূপ। মূল ভবনের নিচতলার এই জায়গায় পুরোনো জিনিসপত্র রাখা হয়। পুরো এলাকায় দুর্গন্ধ। কর্মচারীরা বলেন, ২০-৩০ বছর ধরে এখানেই পুরোনো জিনিস স্তূপ করা হচ্ছে।
এরই ফাঁক দিয়ে পূর্ব দিকে একটি বারান্দা চলে গেছে। সেখানে নারীদের জন্য ‘ফিমেল পেইং ওয়ার্ড ৮’। গত বছর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওয়ার্ডটি উদ্বোধন করেন এমন ফলক চোখে পড়ে। ওয়ার্ডে ২০টি শয্যা। ভেতরে বেশ পরিষ্কার। বাইরে অপেক্ষমাণ একজন পুরুষ দর্শনার্থী বললেন, তাঁর বোন এই ওয়ার্ডে ভর্তি। তাঁকে বাইরে থাকতে হয়। কিন্তু দুর্গন্ধের কারণে থাকা কঠিন হয়ে পড়েছে। কর্মরত একজন নার্স বলেন, ‘এটা আর কী দেখছেন। দুরবস্থা দেখতে হলে তিনতলায় যান।’
বারান্দার সিঁড়ি বেয়ে তিনতলায় উঠলেই দুরবস্থা চোখে পড়ে। লম্বা বারান্দার দুপাশে একটার পর একটা শয্যা। প্রতি শয্যায় রোগী, রোগীর সঙ্গে এক-দুই-তিনজন করে দর্শনার্থী। মাঝে চলার সরু পথ। ট্রলিতে কোনো রোগী এলে পা রাখতে হয় শয্যায়। এটা ৩ নম্বর ওয়ার্ড, এটা মহিলা ওয়ার্ড।
ঘুরে দেখা গেছে, টয়লেটের সামনের কিছু জায়গা ছাড়া পুরো ওয়ার্ডে রোগীতে ঠাসা। ওয়ার্ডটি ছয়টি ভাগে বিভক্ত। প্রতিটিতে শয্যার পাশাপাশি মেঝেতে রোগী ভর্তি। প্রতিটি বারান্দা রোগীতে ঠাসা। প্রায় প্রত্যেক রোগীর সঙ্গে একাধিক দর্শনার্থী। পিডব্লিউডির কর্মচারী মো. রফিকের স্ত্রী হৃদ্রোগে আক্রান্ত। শয্যা পেয়েছেন ‘গেট বারান্দায়’।
শয্যার অতিরিক্ত রোগীদের চিহ্নিত করা হয় ‘বারান্দার রোগী’ হিসেবে। গেটের সামনের রোগীরা ‘গেট বারান্দা’, নার্স ও চিকিৎসকদের বসার জায়গার সামনের রোগীরা ‘সামনের বারান্দা’ আর দুটি খোপের মাঝের রোগীরা ‘মাঝের বারান্দা’র রোগী হিসেবে চিহ্নিত হয়।
‘সামনের বারান্দায়’ সিট পেয়েছেন বরিশালের মুলাদীর শেখ সোহেলের মা। মায়ের সঙ্গ দিচ্ছেন ছেলে ও স্বামী। দুই শর বেশি রোগী, তাদের সঙ্গে থাকা তিন শর বেশি দর্শনার্থী, চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, আয়া, ওষুধ কোম্পানির প্রতিনিধির উপস্থিতিতে প্রায় প্রত্যেকেই গা ঘেঁষাঘেঁষি করে আছে। এই পরিবেশে হৃদ্রোগের মতো জরুরি ও স্পর্শকাতর রোগের মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে একাধিক চিকিৎসক বলেছেন।
হাসপাতালের আটটি ওয়ার্ডের মধ্যে নারীদের জন্য বরাদ্দ তিনটি ওয়ার্ড। ২ নম্বর ওয়ার্ডে শল্যচিকিৎসার প্রয়োজন হয় এমন রোগী থাকে। শয্যা ৫০টি। সব মিলিয়ে শুধু নারীদের জন্য শয্যা ১৪৪টি। এ ছাড়া আইসিইউ ও কেবিনেও নারীরা থাকতে পারেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, মহিলা ওয়ার্ডের কিছু সমস্যা রয়েছে। শয্যা না বাড়ালে এই সমস্যার সমাধান হবে না। সরকার হাসপাতালের জায়গা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।