ঘুঙ্গিয়াজুরী হাওর বাস্তবায়নের দাবিতে কৃষকদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের ঘুঙ্গিয়াজুরী হাওর প্রকল্প বাস্তবায়নের দাবি নিয়ে কৃষকেরা গতকাল সোমবার হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে প্রায় পাঁচ হাজার কৃষকের স্বাক্ষরিত খোলা চিঠি পাঠানো হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। গতকাল সোমবার সকাল থেকে হবিগঞ্জ খোয়াই ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন ঘুঙ্গিয়াজুরী হাওর এলাকার কৃষকেরা। পরে বেলা ১১টার দিকে কৃষকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসক মাহমুদ হাসানের কাছে পাঁচ হাজার কৃষকের স্বাক্ষরিত একটি খোলা চিঠি হস্তান্তর করা হয়। এ চিঠিতে কৃষকেরা হবিগঞ্জ সদর, বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ৪০ হাজার একর নিয়ে গঠিত ঘুঙ্গিয়াজুরী হাওর প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি চিঠিতে তুলে ধরা হয়, এ হাওর প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমান এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত হবে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের অনাগ্রহ ও নানা ষড়যন্ত্রের কারণে এ হাওর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না।মিছিলকারীরা প্রতীকী পানি উন্নয়ন বোর্ড সাজিয়ে হাওরবাসী, জেলে ও কৃষি মজুরেরা গলায় রশি পেঁচিয়ে তা টেনে নিয়ে যান। পরে মিছিলকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ করেন। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মো. ইলিয়াস, মো. আলাউদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেন, ‘প্রকল্পটি ১৩ বছর ধরে ঝুলে আছে। কৃষকের পানি সেচ এবং এ হাওরে তিন ফসলের বিষয়টি আমরা বিশেষজ্ঞ দিয়ে জরিপ করিয়ে দেখেছি, এ এলাকায় তা বাস্তবায়ন সম্ভব নয়। যে কারণে তাঁরা ক্ষুব্ধ।’