ঘুড়কা ইউপি ভবনে দেওয়া তালা খোলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান-সদস্য ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দেওয়া তালা খুলে দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাতে কে বা কারা ওই তালা খুলে নিয়ে গেছে।
এ ব্যাপারে ইউপি সচিব ইয়াকুব হোসেন বলেন, ‘মঙ্গলবার বেলা দুইটার দিকে পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেই থেকে বুধবার সারা দিন কক্ষের বাইরে থাকতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পরিষদে এসে দেখি সব কক্ষের তালা খোলা।’
ঘুড়কা ইউপি চেয়ারম্যান ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ মুঠোফোনে বলেন, ‘সোমবারের পরে আর পরিষদে যাওয়া হয়নি। শুনেছি, পরিষদে যারা তালা দিয়েছিল, তারাই খুলে দিয়েছে।’
এ বিষয়ে ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘চেয়ারম্যান-সদস্য দ্বন্দ্বে ইউপি কার্যালয়ে তালা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।