ঘুপচিঘরে দেড় শ বছরের পুরোনো স্কুল
বিদ্যালয়ে সব মিলিয়ে তিনটি কক্ষ। এগুলো এত ছোট যে একটি কক্ষে চারটির বেশি বেঞ্চ বসানো যায় না। এর মধ্যে দুটি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয় এবং একটিতে পাঠদানের পাশাপাশি চালানো হয় দাপ্তরিক কাজ। চারপাশে বসতবাড়ি। তাই শিক্ষার্থীদের খেলাধুলা বা শারীরিক কসরত করার মতো জায়গা নেই। এমনই ঘিঞ্জি পরিবেশে দেওয়া হচ্ছে পাঠদান। এই করুণ অবস্থা বরিশালের ১৬১ বছরের পুরোনো কালীবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বরিশাল পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে ২০০২ সালে। ১৯৯৩ সালে বরিশালকে বিভাগ করা হয়েছে। ফলে এই শহরের আবাসিক ভবন, পার্ক, প্রেক্ষাগৃহ, মিলনায়তনসহ সব কিছুতেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। কিন্তু শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আর স্থানীয় লোকজনের সচেতনতার অভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে দেখা গেছে, নগরের সদর রোডসংলগ্ন বেনি সিংয়ের হাবেলি এলাকায় কালীবাড়ি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। একটি আধাপাকা ভবনে চালানো হয় বিদ্যালয়ের কার্যক্রম। চারদিকে আবাসিক ভবন থাকায় মূল রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কোনো বিদ্যালয় আছে। একটি সরু পথ দিয়ে ঢুকতে হয় বিদ্যালয়ে। সেই পথের ওপর রাখা হয়েছে ভবন নির্মাণকাজের কাঠ ও বাঁশ। বিদ্যালয়ের সামনে-পেছনে কোথাও তিল পরিমাণ জায়গা নেই। বিদ্যালয়ের ভেতর গুমট পরিবেশ। উচ্চতা কম হওয়ায় শিক্ষকেরা শ্রেণীকক্ষে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, ‘জায়গাসংকটের কারণে একটি কক্ষে চারটি বেঞ্চ বসিয়ে কোনোমতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয়ে এখন মাত্র ৪৩ জন ছাত্রছাত্রী আছে। আমরা তিনজন শিক্ষক দুই পালায় পাঁচটি শ্রেণীর ক্লাস নিচ্ছি।’ জানা গেছে, ১৮৪৮ সালে তত্কালীন বরিশাল শহরের কালীবাড়ি সড়কে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে জমিদার বিজয় বর্মণের স্ত্রী সুখদা সুন্দরী বিদ্যালয়ের জন্য শহরের বেনি সিংয়ের হাবেলি এলাকায় দুই শতাংশ জমি বরাদ্দ দেন। পরে সেখান থেকে বিদ্যালয়টি এখানে স্থানান্তর করা হয়। তবে কোন সালে এটি এখানে স্থানান্তর করা হয়েছে, তা এলাকাবাসী বা শিক্ষকেরা জানাতে পারেননি। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, শুষ্ক মৌসুমে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হলেও বর্ষাকালে তাঁদের ভীষণ সমস্যা হয়। কারণ সে সময় বিদ্যালয়ের ভেতর হাঁটুপানি থাকে। ভবন ছোট হওয়ায় অভিভাবকেরা এই বিদ্যালয়ে তাঁদের সন্তানদের পাঠাতে চান না। শিক্ষকেরা আরও জানান, বিদ্যালয়ের পাশে সরকারি সম্পত্তি আছে। কিন্তু সরকার নতুন ভবন নির্মাণ বা পুরোনো ভবন সম্প্রসারণের জন্য বিদ্যালয়কে সেই জায়গা বরাদ্দ দিচ্ছে না। প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, কয়েক মাস আগে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৩২ লাখ টাকা বরাদ্দ এসেছিল, কিন্তু জায়গাসংকটের কারণে সে টাকা ফেরত চলে গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মজিবর রহমান বলেন, জায়গার অভাবে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে এলাকাবাসী সহযোগিতা করলে এখানে ভবন নির্মাণ করা সম্ভব। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, ওই বিদ্যালয়ের ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জায়গা সমস্যার ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল হক বলেন, ‘বিষয়টি আগে আমাকে কেউ জানায়নি। যেহেতু পাশে সরকারি জমি আছে, স্কুল কর্তৃপক্ষ আবেদন করলে আমি বিষয়টি দেখব।’