ঘুম থেকে আর জেগে উঠল না শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে মায়ের সঙ্গে খাবার খেয়েছিল শিশুটি। এরপর দুজন একসঙ্গে ঘুমাতে যায়। সকালে মায়ের ঘুম ভাঙার পর অনেক ডাকাডাকির করেও জাগানো যায়নি শিশুটিকে। সকালে মা আফরোজা বেগমকে কাঁদতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম নগরের টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার একটি বস্তিতে মেয়ে মাহিমা আক্তারকে (৬) নিয়ে থাকতেন মা আফরোজা। গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে আফরোজা বেগম জানান, রাতে ভাত খেয়ে মেয়েকে নিয়ে ঘুমাতে যান তিনি। ছোট্ট এক কক্ষের বাসায় তাঁরা দুজন ছাড়া কেউ ছিলেন না। সকালে ঘুম থেকে ওঠার পর মেয়েকে বারবার ডাকলেও সে আর ওঠে না। পরে বুঝতে পারেন মেয়ে মারা গেছে। কিন্তু কীভাবে মারা গেছে তা বুঝতে পারছেন না।
আফরোজার স্বামী মো. আলম বৃহস্পতিবার রাতে ঘরে ছিলেন না। কয়েক দিন ধরে তিনি গ্রামের বাড়ি গাইবান্ধায় রয়েছেন। শিশু মাহিমা আফরোজার প্রথম স্বামী মামুনের সন্তান। মাহিমার বয়স যখন ছয় থেকে সাত মাস তখন মামুন তাঁকে ফেলে চলে যান। বছর খানেক আগে তিনি আবার বিয়ে করেন। স্বামী আলম কিছুদিন গ্রামে আর কিছুদিন চট্টগ্রামে থাকেন। আফরোজা আগে পোশাক কারখানার কাজ করতেন।
আফরোজার ছোট বোনের জামাই মো. জুয়েল জানান, মেয়েটি কীভাবে মারা গেল বোঝা যাচ্ছে না। তাঁরা কাউকে সন্দেহও করছেন না।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রাতে খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কি না বোঝা যাচ্ছে না। কারণ, একই খাবার মাও খেয়েছিলেন। মা আফরোজা কাউকে সন্দেহও করছেন না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্তও চলছে।