
সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল ছলিমপুর এলাকার পাহাড়টি প্রায় ৭০ ফুট উঁচু। এর চূড়া থেকে ৩০ ফুট নিচে পাহাড়ের এক পাশের কিছু অংশ কেটে টিনের ঘর বানিয়ে পরিবার নিয়ে থাকেন অটোরিকশাচালক মো. রফিক। ঘরে ওঠানামা করেন বালুর বস্তা দিয়ে তৈরি ‘সিঁড়ি’ বেয়ে। গতকাল শুক্রবার ভোরে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড়চূড়া থেকে বিশাল মাটির খণ্ড ধসে পড়ে রফিকের ঘরের ওপর। তখন সবাই ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে প্রাণ গেল রফিকের স্ত্রী-ছেলেসহ ৫ জনের।
নিহত ব্যক্তিরা হলেন রফিকের স্ত্রী পোশাক শ্রমিক ফাতেমা বেগম (৩০), ছেলে ইউনুস (১০), রফিকের বোন রাবেয়া আক্তার (২৫), তাঁর দুই মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২)। রাবেয়া কয়েক দিন আগে সন্তানদের নিয়ে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
এর আগে গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসে রাঙামাটিতে ১২০ জন নিহত হন। সেদিন রাঙামাটিসহ পাঁচ জেলার (বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম) বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান মোট ১৫৮ জন। ৩৮ দিন পর আবারও পাহাড়ধসের ঘটনায় প্রাণ গেল ৫ জনের।
সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকাতেও দুই বছর আগে (২০১৫ সালের ২১ সেপ্টেম্বর) পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়। কয়েক বছর ধরে প্রতি বর্ষায় চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে মানুষের মৃত্যুর ঘটনা যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০০৭ সালের ১১ জুন চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় পাহাড়ধসে মারা যায় ১২৭ জন। তখন পাহাড় না কাটা, পাহাড়ের গাছ ধ্বংস না করা, পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করাসহ বেশ কিছু সুপারিশ করেছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উদ্যোগ গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি। কিন্তু কমিটির কোনো সুপারিশ আলোর মুখ দেখেনি।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হক প্রথম আলোকে বলেন, পাহাড়গুলোর সঠিক ব্যবস্থাপনা করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। পাহাড় নিয়ে কোনো ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা হয়নি। কোন পাহাড়ে মানুষ সবাস করতে পারবে, কোন পাহাড়ে করতে পারবে না—এ রকম কোনো জরিপও করা হয়নি। যার কারণে বারবার পাহাড়ধসের মতো দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে।
জঙ্গল ছলিমপুর এলাকাটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে পড়েছে। তবে সীতাকুণ্ডের অংশ হলেও দুর্গম এই এলাকায় যেতে হয় চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার ওপর দিয়ে। বাংলাবাজার থেকে প্রায় সাত কিলোমিটার এবড়েথেবড়ো পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে জঙ্গল ছলিমপুর স্কুলমাঠ পর্যন্ত যাওয়া যায়। ঝুঁকি নিয়ে এই রাস্তায় অটোরিকশা চলাচল করে। আর পাহাড়ধসের স্থানটি স্কুলমাঠ থেকে আরও দেড় কিলোমিটার দূরে লটকন শাহ মাজার এলাকায়।
গতকাল সকাল ১০টার দিকে অটোরিকশায় করে স্কুলমাঠে নেমে দেড় কিলোমিটার কাদামাটির পাহাড়ি পথ হেঁটে পাহাড়ধসের ঘটনাস্থলে যান প্রথম আলোর একজন প্রতিবেদক ও দুজন আলোকচিত্রী।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রফিকের তিন কক্ষের ঘরের টিনের চাল ছাড়া সব আসবাব মাটির সঙ্গে মিশে গেছে। রফিক প্রথম আলোকে বলেন, ভোর তিনটার দিকে পাহাড়ধসের পরপর প্রথমে তিনি কোনোরকমে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর আশপাশের লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। এর মধ্যে তাঁর ছোট মেয়ে সালমা আক্তার (১০) কীভাবে যেন মাটির স্তূপ থেকে বের হয়ে আসে। সে পাশের একটি ঘরে গিয়ে কাঁদতে থাকে। প্রায় এক ঘণ্টা পর তাঁর বড়ে মেয়ে জান্নাতুল ফেরদৌসকে (১২) টিনের নিচ থেকে বের করে আনেন প্রতিবেশী আরিফুল ইসলাম। পরে সকাল আটটার দিকে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ থেকে ঘরে আটকা পড়া ৫ জনের লাশ বের করে আনেন প্রতিবেশীরা।
রফিকের ছোট ভাই গিয়াস উদ্দিনও পাহাড়ধসের সময় ঘরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে তিনিও প্রাণ নিয়ে বের হতে পেরেছেন।
বেলা ১১টার দিকে কথা হয় জান্নাতুলের সঙ্গে। তখনো ভয়ে কাঁপছিল সে। বলল, বাবার চিৎকারে ঘুম ভাঙার পর সে দেখতে পায় চারদিকে মাটি আর পানি। পরে কে যেন তাকে টেনে বের করে আনেন।
রফিকের বাড়ি নোয়াখালীতে। আড়াই বছর আগে জঙ্গল ছলিমপুর এলাকার এক ব্যক্তিকে কিছু টাকা দিয়ে সরকারি এই পাহাড়ে ঘর করেন তিনি।
দুদিন ধরে সীতাকুণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে রেকর্ড ৩৭৪ মিলিমিটার বৃষ্টি হয়। আর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২১ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী বর্ষণের কারণে স্থানীয় প্রশাসন পাহাড়ধসের সতর্কবার্তা দিয়ে আসছিল। কিন্তু এই সতর্কবার্তা কানে তোলেনি সীতাকুণ্ডের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকা লোকজন।
জঙ্গল ছলিমপুরে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের বেশির ভাগই নিম্ন আয়ের। ‘চট্টগ্রাম মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন তাঁদের ঘর করতে সহায়তা করে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা লোকজন এই সমিতির অন্তর্ভুক্ত হয়ে সরকারি এই পাহাড় দখল করে বসতি গড়েছেন।
বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব সরকারি পাহাড়। এখানে আমরা থাকি। রফিকের ঘরটি ঝুঁকিপূর্ণ ছিল। আমরা তাকে সরে যেতে বলেছিলাম, কিন্তু সে যায়নি।’ সরকারি পাহাড় দখলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ছিন্নমূল মানুষ। এখানে রাস্তাঘাট, মসজিদ–মাদ্রাসা, স্কুল সব আমাদের টাকায় গড়া। সরকারের সঙ্গে এসব নিয়ে দেনদরবার চলছে।’
গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে রেকর্ড ৩৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ১৯ ঘণ্টায় আরও ১৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড়ধসের সতর্কবার্তা দিয়ে আসছিল। স্থানীয় প্রশাসনও পাহাড়ধসের সতর্কবার্তা প্রচার করে। তবে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা তা আমলে নেয়নি।
পাহাড়ধসের পর গতকাল সকালে ঘটনাস্থলে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কীভাবে বসতি গড়ে উঠেছে সবই আপনারা জানেন। নেপথ্যে কেউ না কেউ এদের সহযোগিতা করে। এটা উচ্ছেদ করতে বিভিন্ন পক্ষকে এগিয়ে আসতে হবে। আমরা এখানকার বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিতে বলেছি। এই সমস্যার স্থায়ী সমাধান দরকার।’