ঘুম থেকে তুলে পায়ে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে ঘুম থেকে তুলে তাঁর পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার সাগরপুর গ্রামে মাদক ব্যবসায়ী আবদুল জলিল সাধুর (৪৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বাঁ পায়ে গুলিবিদ্ধ জলিল সাধু, তাঁর ছেলে ও অপর এক আত্মীয়। তবে পুলিশের দাবি, জলিল সাধু ও তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জলিল সাধু গুলিবিদ্ধ হন।
জলিল সাধুর পুত্রবধূ রেশমা পারভীন বলেন, ‘থানার পুলিশ প্রায়ই আমাদের বাড়িতে এসে টাকাপয়সা চায়।’
বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম খান গতকাল বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গেলে জলিল সাধুসহ তাঁর লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ আহত হন। তাঁদের বদলগাছি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলিল সাধুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।