ঘুম নেই কামারপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের হাটখোলায় কাজে ব্যস্ত দুই কামার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বরিশাল নগরের হাটখোলায় কাজে ব্যস্ত দুই কামার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

চার দিন বাদে ঈদুল আজহা। ঘুম নেই কামারপাড়ায়। কি দিন কি রাত, কান পাতলেই শোনা যায় ঠুংঠাং শব্দ।
কোরবানির পশু জবাই ও মাংস বানাতে ছুরি, চাপাতি, দা, বঁটি, কুড়াল অত্যাবশ্যকীয়। কোরবানির আগে এসব উপকরণ হাতের কাছে না থাকলেই নয়। সেগুলো সংগ্রহ ও প্রস্তুত রাখতে এখন ব্যস্ত সবাই।
এসব উপকরণ তৈরি ও শাণ দেওয়ার জন্য বরিশাল নগরের হাটখোলা, নতুনবাজার ও রূপাতলী এলাকার কামারপাড়া বেশ আলোচিত। ক্রেতা সামলাতে এসব কামারপাড়ার লোকজন ভীষণ ব্যস্ত। যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের।
হাটখোলার অনিলচন্দ্র কর্মকার বলছিলেন, ‘কোরবানি আইছে, অনেকেই নতুন দাও-ছুরি কেনে। তাই অহন দায় (দা) আচারি (হাতল) দেই, ছুরিতে আচারি দেই।’
সরেজমিন দেখা গেছে, হাটখোলা, নতুনবাজার ও রূপাতলী এলাকার কামারপাড়াজুড়ে এখন ব্যস্ততা। সর্বক্ষণ বাতাসে ভাসছে ঠুংঠাং শব্দ। কথা বলার সময় নেই কারও। কেউ হাপর টানছেন। কেউবা আগুনে কয়লা দিচ্ছেন। জ্বলন্ত আগুন থেকে লোহা তুলে সমানতালে পেটাচ্ছেন তাঁরা। সেই পেটানো তপ্ত লোহা থেকে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি, কুড়াল, চাপাতি।
হাটখোলার শিপন কর্মকার বলেন, সারা বছরই কাজ থাকে। কিন্তু কোরবানির সময় কাজ বেড়ে যায় দ্বিগুণ। আয়ও বাড়ে। গৃহস্থ বাড়ির সবাই দা, ছুরি, ছেনি, চাকু, বঁটিতে শাণ দিতে আসেন। তাই এই সময়ের জন্য প্রস্তুতিটাও থাকে একটু ভিন্ন।
গতকাল রোববার হাটখোলায় দুটি দা, একটা ছেনি ও তিনটি বঁটি শাণ দিতে এসেছিলেন সদর উপজেলার চানপুরা ইউনিয়নের আগরপুর গ্রামের কবির আহমেদ। সঙ্গে কিনেছেন একটি ছুরি। সব মিলিয়ে তাঁর ৬০০ টাকা লেগেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বলে তিনি জানান।
লিটন কর্মকার বলেন, কামারপাড়ায় বেশির ভাগ মানুষ আসেন দা-ছুরিতে শাণ দিতে। সারা বছর এ জন্য ৩০ থেকে ৪০ টাকা নেওয়া হলেও কোরবানির সময় নেওয়া হয় ৫০ থেকে ৮০ টাকা।
বছরের এই সময়ে দিনে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আয় হয় বলে জানান ধীরেন কর্মকার।
তবে কয়লার দাম বেড়ে যাওয়ায় এখন আর আগের মতো লাভ হচ্ছে না। ৩০০ টাকার কয়লা এখন কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। তাই লাভ অনেক কমে গেছে। তারপরও পেশা টিকিয়ে রাখতে সবাই কাজ করে যাচ্ছেন বলে জানান দিলু কর্মকার। তিনি বললেন, এখন শুধু কর্মকাররাই কাজ করেন না। মুসলিম পরিবারের লোকজনও এই কাজ করেন।