ঘুম ভাঙেনি তাঁর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই দৃশ্য দীঘিনালার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের। গতকাল অফিস চলাকালীন একটি কক্ষের টেবিলে ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। দুপুর ১২টায় তোলা ছবি l প্রথম আলো
এই দৃশ্য দীঘিনালার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের। গতকাল অফিস চলাকালীন একটি কক্ষের টেবিলে ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। দুপুর ১২টায় তোলা ছবি l প্রথম আলো

বুধবার দুপুর ১২টা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ। পাশের কক্ষটি অফিস সহকারীদের। সেখানেও কোনো কর্মচারী নেই। একজনকে টেবিলের ওপর ঘুমিয়ে থাকতে দেখা যায়।
আধা ঘণ্টা কার্যালয়ের সামনে অবস্থান করেও কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা পাওয়া যায়নি। ঘুম ভাঙেনি ওই ব্যক্তিরও।
অথচ এক দিন আগে গত মঙ্গলবার দীঘিনালা ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার কাছে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা।
কার্যালয় কেন তালাবদ্ধ তা জানতে গতকাল দুপুরে মুঠোফোনে দীঘিনালার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, মাঠপর্যায়ে কাজের তদারক করতে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের হাজাছড়া গ্রামে অবস্থান করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর কার্যালয় থেকে জানানো হয়, তিনি প্রশিক্ষণের জন্য ভারতে গেছেন।
তবে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কোমল চাকমা জানান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের অনুপস্থিতির বিষয়ে এলাকার অনেকে তাঁর কাছে অভিযোগ করেছেন। বিষয়টি পরিষদের সমন্বয় সভায় আলোচনা করা হবে। সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যাতে কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন, সে জন্য তাঁদের সতর্ক করা হবে।