ঘুমন্ত অবস্থায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে অক্সিজেনের অভাবে ঘুমন্ত অবস্থায় দম বন্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বোয়ালজোড় ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামের ছমির মিয়া (৪৩) এবং মোহাম্মদশাল গ্রামের জমসেদ মিয়া (৬৫)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালাবাজারের সাদিমহল কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোয়ালাবাজারের সাদিমহল কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজ চলছিল। রাত আড়াইটার দিকে বাবুর্চি ছমির মিয়া ও কনে পক্ষের জমসেদ মিয়া কমিউনিটি সেন্টারের একটি কক্ষে কয়লার আগুন জ্বালিয়ে দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এ মান্নান জানান, বন্ধ ঘরে কয়লার আগুনের ধোঁয়ার কারণে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়ে অক্সিজেনের অভাব দেখা দিতে পারে। ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবেই তাঁদের মৃত্যু হয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।