একজন খাটে আর তিনজন মেঝেতে ঘুমিয়ে ছিলেন। বাইরে বৃষ্টি। তখন সকাল সাতটা। হঠাৎই তিনতলা ভবনের টিনের চাল ভেঙে ঘুমিয়ে থাকা মানুষগুলোর গায়ের ওপর এসে পড়তে থাকল পাশের নির্মাণাধীন ভবনের দেয়ালের খণ্ডিত অংশ, ইটের স্তূপ, বালু। কেউ পায়ে, কেউবা আঘাত পেলেন বুকে। ঘটনার আকস্মিকতায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন একজন।
গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ধোপাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেয়াল পাশের তিনতলা ভবনের টিনের চালে ধসে পড়ে। এতে টিন ভেঙে ইটের আঘাতে আহত হন যৌথ পরিবারের চার সদস্য টগর বালা (৭০), সরকারি সিটি কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অরূপ দাশ (২৬), ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র সহদেব দাশ (২৪) ও মোটরমিস্ত্রি অভি দাশ (১৯)। অরূপের ফুফাতো ভাই সহদেব ও অভি। আর অরূপের দাদি টগর বালা।
দুর্ঘটনার পর চারজনকে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ দাশ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনের দেয়ালের ইটগুলো যেভাবে পড়েছে, তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, ধোপাপাড়া এলাকার নালার দক্ষিণ পাশে আটতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের সাততলার এক পাশের দেয়াল ধসে পড়ে নালার উত্তর পাশের তিনতলা ভবনের টিনের চালে। ধসে পড়া দেয়ালের ইট চাল ভেদ করে তিনতলার ফ্ল্যাটের শোবার ঘরে এসে পড়ে। ঘরে থাকা চারজনের সবাই কমবেশি আহত হন। ফ্ল্যাটটিতে মোট তিনটি কক্ষ রয়েছে। অন্য দুই কক্ষে কোনো ক্ষতি হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন সহদেব দাশ প্রথম আলোকে জানান, প্রায় ১৫ বাই ৯ ফুট আয়তনের কক্ষটিতে তাঁরা চারজন ছিলেন। খাটে শুয়ে ছিলেন টগর বালা। তাঁরা তিনজন মেঝেতে বিছানা করে ঘুমিয়ে ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ চাল ভেদ করে ইটের স্তূপ তাঁদের সবার পায়ের ওপর এসে পড়ে। এ সময় তাঁদের চিৎকার শুনে বাসার লোকজন ছুটে আসেন।
আহত অরূপের মা মিরা দাশ প্রথম আলোকে বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন বাজ পড়েছে। পরে তাঁদের ভুল ভাঙে। তিনি তখন নিচতলায় ছিলেন। ওপরে উঠে দেখতে পান, পাশের ভবনের দেয়াল ধসে পড়েছে তাঁদের ভবনের তিনতলায়।
গতকাল দুপুরে নির্মাণাধীন ভবনটিতে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। ভবনের জায়গার মালিক একরাম হোসেন বলেন, প্রায় তিন বছর আগে ভবন নির্মাণের জন্য কে এস প্রপার্টিজ নামের একটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। অবশ্য তিনি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাঁদের ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান। ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনাকে ‘অ্যাকসিডেন্ট’ বলে দাবি করেন তিনি।
নির্মাণাধীন ভবনের চারপাশে নিরাপত্তাবেষ্টনী না থাকার বিষয়ে একরাম হোসেনের দাবি, একসময় নিরাপত্তাবেষ্টনী ছিল। কিন্তু ছয় মাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সেটি নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার থেকে আবার নিরাপত্তাবেষ্টনী লাগানো হবে।
ভবনটির পাশের ভবনে থাকা বাসিন্দারা বলেন, নির্মাণাধীন ভবনটিতে কোনো সময়ই নিরাপত্তাবেষ্টনী ছিল না। প্রায় সময় ওই ভবন থেকে ইট ও ধুলাবালু পাশের ভবনগুলোতে পড়ে।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনটির দেয়াল কীভাবে ধসে পড়েছে এবং সেখানে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা।