বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা তপন বড়ুয়াকে গতকাল মঙ্গলবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি নিজ বাসভবনে ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা ঘরের বিছানার পাশের জানালা দিয়ে তাঁর পায়ে আঘাত করে। গতকাল বিকেলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তপর বড়ুয়া ও তাঁর স্ত্রী নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনতলা ভবনের প্রথম তলায় থাকেন। ডান পায়ে মারাত্মক আঘাত পাওয়া উপসহকারী চিকিৎসা কর্মকর্তা তপন বড়ুয়া বলেন, গতকাল ভোররাত ৩টার দিকে হাসপাতালের সরকারি বাসভবনে তিনি ঘুমিয়ে ছিলেন। বাসভবনের জানালা দিয়ে তাঁর ডান পায়ে আঘাত করা হয়েছে। দরজা বন্ধ না থাকলে তাঁকে হয়তো হত্যা করা হতো।
আহত তপন বড়ুয়া বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তিনি চিৎকার দিয়ে ওঠেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই বলে দাবি করেন তিনি।
নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালমান করিম খান বলেন, তপন বড়ুয়ার ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন অংসুইপ্রু মারমা বলেন, দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার কয়েকজন জঙ্গির বাড়ি নাইক্ষ্যংছড়িতে। এ জন্য সব দিক বিবেচনা করে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবীর বলেন, তপন বড়ুয়ার ওপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারও সঙ্গে ব্যক্তিগত অথবা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আপাতত জঙ্গি হামলা মনে হচ্ছে না। তবে জঙ্গির বিষয়টি একেবারে সন্দেহের বাইরেও রাখা হচ্ছে না।