ঘুমন্ত বোনের প্রাণ গেল, পুড়েছে ভাইও

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের সুম্মা শিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির নয় বছর বয়সী ভাই আহত হয়েছে।
নিহত শিশুর নাম জান্নাতুল মাওয়া। আহত শিশুর নাম মো. আবদুল্লাহ।
শিশুটির বাবা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের ঘরটি বাঁশের বেড়া ও শণের তৈরি। স্ত্রী মালেকা বেগম বাইরে ছিলেন। ঠিক ওই সময় আগুনের সূত্রপাত হয়। মেয়ে ঘুমন্ত অবস্থায় থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ছেলে বের হতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাঁশখালী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হায়দার বলেন, ‘চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মেয়ের মা অন্তঃসত্ত্বা হওয়ায় মেয়েকে উদ্ধার করতে পারেননি। ছেলেটির শরীরের ওপরের অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।’
চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাথার বেশির ভাগ অংশ পুড়ে গেছে।