গাছের কাঁঠাল বিক্রি নিয়ে কয়েক দিন আগে ঝগড়া হয় দেবর-ভাবির মধ্যে। এর জের ধরেই ঘুমন্ত ভাবিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন দেবর। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শৈলঢেবা গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।নিহত ছুরু বালা বড়ুয়া (৩৫) শৈলঢেবা গ্রামের অমূল্য বড়ুয়ার স্ত্রী। হত্যাকাণ্ডের পর দেবর তপন বড়ুয়াকে (২৭) আটক করেছে পুলিশ। গ্রামের প্রবীণ বড়ুয়ার ছেলে তপন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশ ও গ্রামের বাসিন্দারা জানায়, বাড়ির গাছের কাঁঠাল বিক্রি নিয়ে তিন দিন আগে দেবর-ভাবির মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার পর থেকে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন দুই সন্তানের জননী ভাবি ছুরু বালা। এ সুযোগে তপন ধরালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে খুন করেন। নিহত ছুরু বালার ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র রবিন বড়ুয়া জানায়, তার কাকা তপন তার চোখের সামনেই দা দিয়ে তার মাকে কুপিয়ে খুন করেন। এদিকে এ হত্যাকাণ্ডের পর গ্রামবাসী তপন বড়ুয়াকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক তপন বড়ুয়া হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে হত্যা-মামলা হয়েছে।