ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে হত্যা
১১ মাস বয়সী মেয়েকে বিছানায় ঘুম পাড়িয়ে রান্না করতে গিয়েছিলেন মা৷ এক দিন পর ওই শিশুর লাশ পাওয়া গেছে প্রতিবেশীর একটি বাগানে৷ ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে৷
এ ঘটনায় শিশুটির দিনমজুর বাবা আবদুর রাজ্জাক মোল্লা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেছেন৷
মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির মা রোকেয়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘরে ঘুম পাড়িয়ে রান্না করতে যান৷ দুপুর ১২টার দিকে তিনি ঘরে এসে দেখেন মাছুমা বিছানায় নেই৷ অনেক খোঁজ করেও মাছুমাকে পাওয়া যায়নি৷ পরের দিন শনিবার বেলা দুইটার দিকে এক প্রতিবেশীর কাঁঠালবাগানে শিশুটির লাশ পাওয়া যায়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়৷
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ হত্যাকাণ্ডের তদন্ত চলছে৷ সন্দেহজনক কাউকে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷