ঘুমন্ত শিশুকে নিয়ে ধর্ষণ শেষে হত্যা
ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা। দুই বোন আফরোজা (৪) ও মিম (৭) মাকে জড়িয়ে ঘুমাচ্ছে। শৌচাগারে যেতে বাবা নয়ন মিয়া ঘর থেকে বের হন। এ সুযোগে ঘরে ঢুকে পড়েন শাহ আলম (২২) নামের এক তরুণ।
শাহ আলম স্থানীয়ভাবে মাদকাসক্ত হিসেবে পরিচিত। ঘুমন্ত আফরোজাকে নিয়ে পালিয়ে যান তিনি। পরে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। জঘন্য এ ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদরের গাইটাল মহল্লায়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, আফরোজার বাবা পেশায় অটোরিকশাচালক। থাকেন গাইটাল মহল্লায়। শাহ আলমও একই মহল্লার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ-ঢাকার মধ্যে চলাচলকারী অনন্যা সুপার পরিবহনের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। মাদক সেবনসহ নানা অপকর্ম করে বেড়ানোর কারণে শাহ আলম পরিবার থেকে বিচ্ছিন্ন।
শাহ আলম শিশুটিকে শহরের জামিয়া জামে মসজিদের পেছনের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানেই ধর্ষণ শেষে হত্যা করেন। মানুষের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার নৈশপ্রহরী এগিয়ে গিয়ে দেখতে পান, শিশুটি মৃত অবস্থায় পড়ে আছে।
আফরোজার বাবা নয়ন মিয়া জানান, ঘটনার রাতে দুই পাশে দুই মেয়েকে নিয়ে স্ত্রীকে ঘুমাতে দেখেন৷ তাদের না জাগিয়ে দরজা খোলা রেখেই শৌচাগারে যান তিনি। ১০ মিনিট পর ঘরে ফিরে দেখেন, আফরোজা নেই।
কোলের শিশুকে হারিয়ে মা শামিমা বেগম মূর্ছা যাচ্ছিলেন। বুক চাপড়ে বলছিলেন, ‘আমার কোল থাইক্কা আফরোজাকে কেমনে নিল। জানলে ঘুমাইতাম না। শক্ত কইরা ধইরা রাখতাম।’
নৈশপ্রহরী পল্টু মিয়া বলেন, ‘মানুষের হাঁটার শব্দ পাইয়া টর্চলাইট মারতেই দেখি, গেঞ্জি পরা একজন দৌড়াইয়া চইলা যাইতাছে। গিয়ে দেখি, একটা শিশু মরা অবস্থায় পড়ে আছে।’
কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি সুব্রত কুমার সাহা বলেন, ‘শাহ আলম মাদকাসক্ত এবং আগেও নানা অপরাধে জেল খেটেছে। ঘটনার পর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান নিজে অংশ নিয়ে পুরো শহরে চিরুনি অভিযান পরিচালনা করেন। ভোর সাড়ে চারটার দিকে আমরা সদর উপজেলার কাসুয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।’
ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ডিবি পুলিশের হেফাজতে শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাঁজা-ফেনসিডিল খাই। মাথা কাজ করে না। মাথায় আকাম করার ভূত চাপছে। সুযোগ পাইলাম। প্রথমে বড় বোন মিমকে নিবার চেষ্টা করি। শরীরে ধরতে নইড়া ওঠে সে৷ পরে আফরোজাকে কোলে নিয়া ঘর থেকে বের হইয়া যাই। এক হাতে গলায় চাপ দিয়া ধইরা ধর্ষণ করছি। পরে গলা চিপ্পা মারছি।’