ঘুমিয়ে থাকা স্ত্রীর ঠোঁট কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশার টাকা না পেয়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে ঘুমিয়ে থাকা স্ত্রীর ঠোঁট কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকায়। ঘটনার শিকার রোজিনা বেগমকে (২৫) আহত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বামী রিকশাচালক ইউনুস আলী হাওলাদার পলাতক রয়েছেন।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোজিনা বেগম জানান, তাঁর বাবার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বিষাহারি গ্রামে। বাবার নাম আবুল হোসেন। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় প্রায় চার বছর আগে রাজাপুরের বাইপাস এলাকার কাঞ্চন আলীর ছেলে ইউনুস হাওলাদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছু দিনের মাথায় তিনি জানতে পারেন, ইউনুস এর আগেও একটি বিয়ে করেছিলেন। এ ছাড়া তাঁর গাঁজা সেবনের অভ্যাস রয়েছে। রোজিনা আরও জানান, বিয়ের কিছুদিন পর থেকে তাঁরা রাজাপুরে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাঁরা চররাজাপুরে একটি টিনের ঘর মাসিক ৪০০ টাকা চুক্তিতে ভাড়া নেন। নেশার টাকা জোগাড় করে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন ইউনুস। এ চাহিদা মেটাতে দিনে ৭০ টাকা মজুরিতে তিনি নির্মাণশ্রমিকের কাজ নেন। এর পরও চাহিদা মেটাতে না পারায় দিন দিন তাঁর ওপর বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। সর্বশেষ গত বুধবার দুপুরে তাঁকে মারধর করা হয়। দুপুরে খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তাঁর ওপরের ঠোঁট ধারালো কিছু দিয়ে কেটে দেন ইউনুস। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইউনুস পালিয়ে যান। রোজিনার প্রতিবেশী বাদশা সরদার বলেন, ‘আর্তচিৎকার শুনে তাঁদের ঘরে গিয়ে দেখি রক্তে রোজিনার শরীর ভিজে গেছে। পরে কয়েকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করি।’ রোজিনা ও ইউনুসের আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। তার নাম ইমা। সে তার দাদি রাবেয়া বেগমের সঙ্গে রাজাপুরে থাকে। রাবেয়া বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই ওরা (ইউনুস ও রোজিনা) ঝগড়া ও মারামারি করে। তাই এক বছর আগে ওদের বাড়ি থেকে নামিয়ে দিয়েছি। ওরা সন্তানের দিকেও খেয়াল রাখে না। তাই নাতনি ইমাকে আমি লালনপালন করছি।’ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল বলেন, রোজিনার ঠোঁট জোড়া লাগতে আট-দশ দিন সময় লাগতে পারে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ইউনুস আলীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। রোজিনার বাবার বাড়িতে খবর দেওয়া হয়েছে। অভিভাবক এলে মামলা করা হবে।