ঘুমিয়ে থাকা স্ত্রীর শরীরে আগুন দিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় যৌতুকের জন্য ঘুমন্ত গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই গৃহবধূর স্বামী মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রব্বানী মিয়ার মেয়ে বকুলী বেগমের সঙ্গে একই ইউনিয়নের জালালগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোশারফ যৌতুকের জন্য তাঁর স্ত্রীকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় মোশারফ প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। গত শুক্রবার বকুলীকে তাঁর বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেন মোশারফ। এতে রাজি না হওয়ায় ওই দিন রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বকুলীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মোশারফ।এ সময় আশপাশের লোকজন ছুটে এসে বকুলীকে উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত সোমবার রাতে বকুলী মারা যান।রব্বানী মিয়া এ ঘটনায় মোশারফ হোসেন ও তাঁর মাকে আসামি করে গত শনিবার মিঠাপুকুর থানায় একটি মামলা করেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, আসামি মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে।