ঘুমিয়ে থাকায় আগুন থেকে রেহাই পেল না মা-ছেলে
পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুনে পুড়ে মা ও তাঁর চার বছরের ছেলে মারা গেছে। এ সময় ওই পরিবারের আরও দুই ভাইবোন অগ্নিদগ্ধ হয়। রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার ব্রিগেড সূত্র জানিয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, গ্রামের দিনমজুর মনিরুল ইসলামের বাড়িতে হঠাত্ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী সেখানে ছুটে যায়। তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নেভায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কুঁড়েঘর থেকে সাজেদা খাতুন (৩৫) ও তাঁর ছোট ছেলে সাইফুল ইসলামের (৪) লাশ উদ্ধার করে। এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় সাজেদার বড় মেয়ে মনিরা খাতুন (৯) ও বড় ছেলে সাইফুল ইসলামকে (৭) উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।