ঘুমিয়ে পড়ায় মারধর শিক্ষক গ্রেপ্তার
ফজরের নামাজের পর পড়তে না বসে ঘুমিয়ে পড়ায় তহিদুল (১১) নামের এক শিক্ষার্থীকে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল মজিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরের আলহাজ হাসিমুদ্দিন অ্যারাবিয়ান ও হাফেজিয়া মাদ্রাসায় গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিক্ষক আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। আহত তহিদুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তহিদুল বলে, ‘ক্লান্তিতে চোখ বুজে এসেছিল, বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছি। এ জন্য আমাকে মেরেছে।’ তহিদুলের মা-বাবা এ ঘটনার বিচার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। তহিদুলের মা তুনজেরা বেগম বলেন, ‘আমার ছেলেটা ক্লান্তির কারণে সকাল সাড়ে ছয়টার দিকে ঘুমিয়ে পড়ায় নির্দয়ভাবে কঞ্চি দিয়ে বেধড়ক পিটিয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ইউএনওর কাছে নিয়ে এসেছি স্বচক্ষে ছেলের পিঠের হাল ও হাতের আঙ্গুলের অবস্থা দেখাতে। আমি এই ঘটনার বিচার ও ওই শিক্ষকের শাস্তি চাই।’ইউএনও চিত্রলেখা নাজনিন বলেন, ‘ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছি।’শিক্ষক আবদুল মজিদ বলেন, ‘মাথা গরম ছিল, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তবে হেফজখানার (হাফেজিয়া মাদ্রাসা) নিয়ম অনুযায়ী এটা খুবই সাধারণ। আমরা এর চেয়ে আরও বেশি মার খেয়েছি।’সদর থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিকেল চারটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।