ঘুমের ওষুধ ও বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যা
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে ফজলুল হক (৪০) নামের এক প্রবাসী স্বামীকে হত্যা করেছেন তাঁর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ও বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহত ফজলুল হকের ভাই আব্বাস আলী গতকাল শুক্রবার শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিহত ফজলুল হকের স্ত্রী বিলকিস বেগম ও তাঁর প্রেমিক আবু সাঈদকে আসামি করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে বিলকিস বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকেলে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাজাহান আলীর আদালতে তিনি এ জবানবন্দি দেন।
বিলকিস বেগমের জবানবন্দির বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, ফজলুল হক নয় বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী জীবনযাপন করছিলেন। এ সময় তাঁর স্ত্রী বিলকিস স্থানীয় পল্লি চিকিৎসক আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই দিন আগে ফজলুল হক দেশে ফিরলে তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে বাদানুবাদ হয়। প্রেমিক আবু সাঈদের সহায়তায় বৃহস্পতিবার রাতে স্বামীকে দুধের সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে দেন বিলকিস। এতে তিনি অচেতন হয়ে পড়লে গভীর রাতে মুখে বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিলকিসকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আবু সাঈদকে রিমান্ড নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। ফজলুল হক ও বিলকিস দম্পতির দুই সন্তান রয়েছে।