বগুড়ার কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের পল্লি চিকিৎসক কামরুজ্জামান ওরফে নান্নুকে (২৬) অপহরণের পর ঘুমিয়ে রাখতে গিয়ে অতিরিক্ত ঘুমের বড়ি খাওয়ানো হয়। এতে মারা গেলে ঘটনা ধামাচাপা দিতে তাঁর লাশ গুম করা হয়।
গতকাল বুধবার ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সেলিম প্রামাণিক (৩৫) নামের একজন বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু রায়হানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বে পুলিশ গত সোমবার তাঁকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের একাধিক দল মঙ্গলবার অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী ও নিহত কামরুজ্জামানের ভগ্নিপতি রুহুল আমিন (২৬) এবং অপহরণকারী দলের সদস্য শাহেদ মণ্ডল (৩৫), বেলাল সরদার (৩৫) ও মামুন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে হাজির করে। তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া রুহুল আমিনের বাড়ি আদমদীঘি উপজেলার শাওইল পশ্চিমপাড়া এলাকায়, সেলিমের বাড়ি দুপচাঁচিয়ার ধাপ শুকানগাড়ী, শাহেদ মণ্ডলের বাড়ি খোলাশ পূর্বপাড়া, বেলাল সরদারের বাড়ি আটগ্রাম বেলহালী ও মামুন মিয়ার বাড়ি পারথিয়ট গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেলিম প্রামাণিক উল্লেখ করেন, রুহুল আমিনের পরিকল্পনা মতো ১৯ ফেব্রুয়ারি দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে মোস্তফাপুর যাওয়ার পথে বাঁকাদহ এলাকা থেকে কামরুজ্জামানকে অপহরণ করা হয়। অপহরণের পর কামরুজ্জামানের হাত, পা ও মুখ বেঁধে ফেলা হয়। রাত ১২টা পর্যন্ত একটি জঙ্গলে কামরুজ্জামানকে জিম্মি করে রাখা হয়। পরে ঘুমিয়ে রাখার জন্য তাঁকে চেতনানাশক বড়ি খাওয়ানো হয়। ওষুধের মাত্রা বেশি হওয়ায় কামরুজ্জামান মারা যান। মুক্তিপণের জন্য দাবি করা ৫০ লাখ টাকার অর্ধেক অপহরণকারীদের দেওয়ার কথা ছিল।
সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ২৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের ট্যাংক থেকে কামরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা কমর উদ্দিন কাহালু থানায় মামলা করেন। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য গোয়েন্দা পুলিশের দল মাঠে নামে। তথ্য হাতে আসার পর কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা-পুলিশের সহযোগিতায় ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।