রংপুর শহরের মাহিগঞ্জে ধান-চালের ব্যবসায়ী বেলাল হোসেন (৫০) হত্যার রহস্য উদঘাটিত হচ্ছে। তাঁর স্ত্রী সুফিয়া বেগম তাঁকে (বেলাল) জবাই করে হত্যা করেছেন বলে গতকাল শুক্রবার রিমান্ডে পুলিশের কাছে স্বীকার করেছেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম সুফিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন, সোমবার রাতে ঘুমের ওষুধ খাইয়ে সুফিয়া তাঁর স্বামীকে অজ্ঞান করেন। এরপর ধারালো ছুরি দিয়ে তিনি তাঁকে জবাই করেন। পরে লাশ তিন টুকরো করে কাপড় দিয়ে মুড়িয়ে বস্তায় ভরা হয়। পুলিশ জানায়, সুফিয়া গুম করার জন্য লাশ একটি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের চিলারঝাড় এলাকায় লোকজন তাঁকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদে এই খুনের রহস্য উদঘাটিত হবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার পুলিশ সুফিয়া বেগমকে তিন দিনের এবং তাঁর ছেলে আসিফ ইকবালকে এক দিনের রিমান্ডে নিয়েছে।