ঘুমের ওষুধ মিশিয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নুর নগর হাউজিং এলাকার গরুর হাটে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাইকারীরা সাত গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। গত বুধবার গভীর রাতে পৃথক ঘটনা দুটি ঘটে। তবে পুলিশ বলছে, হাটের বাইরে কোথাও এ ঘটনা ঘটেছে। রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ব্যবসায়ীদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন মঈনুল দেওয়ান (৩০) ও মো. রফিকুল (৫০)। মঈনুল দেওয়ান পাবনার ঈশ্বরদীর ইসলামপুর গ্রামের নবির উদ্দিন দেওয়ানের ছেলে। রফিকুল নাটোরের বড়াইগ্রাম থানার কুষ্টিপুর এলাকার মো. মানিকের ছেলে। মঈনুল দেওয়ানের চাচাতো ভাই মাসুদ রানা প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১১টার দিকে ক্রেতা সেজে কয়েকজন লোক আসেন। এ সময় তাঁরা কৌশলে রান্না করে রাখা ভাত-তরকারিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। কিছুক্ষণ পর রাতের খাবার খেয়ে ছয়জনের মধ্যে পাঁচজন ঘুমিয়ে পড়েন।এদিকে রাত সোয়া তিনটার দিকে রফিকুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিকি বড়ুয়া বলেন, খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে রফিকুলকে অজ্ঞান করা হয়। রফিকুলকে হাসপাতালে ভর্তি করানো ব্যক্তি ইসমাইল আলীর দাবি, রফিকুলের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।