ঘুমের ঘোরে চালক ট্রাক উল্টে নিহত ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ১১ জন শ্রমিক৷ গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
আহত শ্রমিকেরা জানান, চালক ঘুমের ঘোরে সড়ক বিভাজকের ওপর ট্রাকটি উঠিয়ে দিলে তা উল্টে যায়৷
নিহত ব্যক্তিরা হলেন, শিবালয়ের তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে ছাইদুল ইসলাম (৩০), জালাল মিয়ার ছেলে সৈয়দ আলী (৩৮) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে খলিলুর রহমান (৫৫)৷ আহত ব্যক্তিদের বাড়িও একই গ্রামে৷
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত শ্রমিকেরা জানান, সিঙ্গাইর উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করতেন হতাহত ওই শ্রমিকেরা৷ রোববার গভীর রাতে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধানের বস্তাগুলো ভাড়া করা একটি ছোট ট্রাকে তুলে তাঁরা ১৫ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন৷ ভোর পাঁচটার দিকে বোয়ালী এলাকায় ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে৷ এ সময় ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে যায়৷ ট্রাকের নিচে চাপা পড়ে ওই তিনজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান৷ আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
আহত আবদুল বারেক ও সাদিক আলী বলেন, ঘুমের ঘোরে চালক ট্রাকটি চালাচ্ছিলেন৷ আর এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷
শিবালয় থানার ওসি রকিবউজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে৷ ট্রাকটির চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন৷ এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে৷
মাছ ব্যবসায়ী নিহত: মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় গতকাল সকালে একটি মাছভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়েছে৷ এতে ওই পিকভ্যানে থাকা মিজানুর রহমান (৩৬) নামের এক মাছ ব্যাবসায়ী নিহত হয়েছেন৷ আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী৷ তাঁদের নাম জানা যায়নি৷ গজারিয়ার ভবেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, পিকআপ ভ্যানটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল৷ ভোর সাড়ে পাঁচটার দিকে আনারপুরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলেই মিজানুর মারা যান৷ তঁার বাড়ি চাদপুরের মতলব উপজেলায়৷