ঘুমের ঘোরে চালক, বাস খাদে

বেশ কয়েকবার সতর্ক করেছিলেন যাত্রীরা। চালক তার পরও কথা শোনেননি। চোখে ঘুম নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মামুন স্পেশাল নামের বাসটিকে। একপর্যায়ে ঘটে দুর্ঘটনা।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় গিয়ে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ট্রাকও ওই খাদে পড়ে। এতে গুরুতর আহত হন বাসচালক জাকির হোসেন (৩৬)। দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে যান ৪৫ যাত্রীর সবাই। তবে এতে ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রী সিরাজুল ইসলাম, সাহাব উদ্দীনসহ আরও কয়েকজন প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের জোরারগঞ্জ অতিক্রম করার পর চালক ঘুমের ঘোরে বাসটিকে এলোমেলো চালাতে থাকে। যাত্রীরা তাঁকে সতর্ক করেন। ঘুম কাটানোর জন্য চালককে চোখে পানি দিতে ও পান খাওয়ার পরামর্শ দেন যাত্রীরা। কিন্তু চালক সেসব কথা না শুনে বেপরোয়া গতিতে বাসটি চালাতে থাকেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে যাত্রীদের প্রাণহানিও হতে পারত। সৌভাগ্যক্রমে সবাই বেঁচে গেছে। তবে গুরুতর আহত হয়েছেন বাসচালক। পরে দুটি গাড়ি আটক করা হয়েছে।