রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহাকুল ইসলাম (১৮) গত সোমবার রাতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন।তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার ইদিল মণ্ডলের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ৪১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।সাহাকুলের বন্ধু ও সহপাঠী সূত্রে জানা গেছে, তাঁর সঙ্গে স্থানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তিনি প্রায়ই ওই মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। সাহাকুলের রুমমেট আক্তার হোসেন জানান, গত সোমবার সকালে সাহাকুল গ্রামের বাড়িতে যান। সেখানে প্রেমিকার সঙ্গে মান-অভিমানের একপর্যায়ে অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই আত্মীয়রা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রণব কুমার পাণ্ডে বলেন, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে সাহাকুলের বাবা ও আত্মীয়স্বজন তাঁকে হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।