ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ

রাঙামাটি জেনারেল হাসপাতালে শয্যা রয়েছে ৫০টি। কোনোটিই খালি নেই। হাসপাতালের অন্তবিভাগজুড়ে পাহাড়ধসে আহত রোগীদের কাতরানির শব্দ। এর মধ্যে ব্যতিক্রম কেবল সোনামণি চাকমার (৩৫)। তাঁর মুখে কোনো শব্দ নেই। পুরুষ ওয়ার্ডের ফটকের পাশের মেঝেতে স্থান হয়েছে তাঁর। স্ত্রী, সন্তান সবাইকে হারিয়ে নিজের শারীরিক কষ্টের কথা হয়তো ভুলে গেছেন তিনি। তাঁর চোখের কোণে চিকচিক করছিল জল।
গতকাল শুক্রবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে কথা হচ্ছিল সোনামণি চাকমার সঙ্গে। সেদিনের কথা তুললে প্রথমে তিনি চুপ করে থাকেন। এরপর ধীরে ধীরে বলতে থাকেন, তখন ঘুমাচ্ছিলাম তিনি। ভোরের (মঙ্গলবার) দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তারপর কিছুই মনে নেই তাঁর। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরলে দেখেন শরীরের অর্ধেক মাটিচাপা অবস্থায় পড়ে আছেন। সে জায়গাটা তাঁর বাড়ি থেকে ২০০ গজ দূরে। ভালো করে তাকিয়ে দেখেন বাড়ির কোনো চিহ্নও নেই।
রাঙামাটি শহরের ভেদভেদী কিনামণি ঘোনা এলাকায় সোনামণির টিনের ঘর। সেদিন ঘরে ছিলেন তাঁর স্ত্রী সুজিতা চাকমা, তাঁর তিন বছরের ছেলে সাম্য চাকমা ও কলেজপড়ুয়া শ্যালিকা বিপুলা চাকমা (২২)। পাহাড়ধস কেড়ে নিয়েছে সবাইকে। ক্ষুদ্র ব্যবসায়ী সোনামণি চাকমার কাছে ছেলে সাম্যই ছিল সব। তিনি ঘরে ফিরলেই ছেলের লাফালাফি শুরু হয়ে যেত। তিনি ঘরে থাকলে সব সময় তাঁর পেছনে পেছনে ঘুরত সে।
সোনামণি বলেন, ‘ছেলেটা খুব চটপটে আর মেধাবী ছিল। অনেক কিছু মনে রাখতে পারত সে। আর প্রতিদিন কিছু-না-কিছুর জন্য বায়না ধরত। ঘরে গেলেই ছেলের জন্য কিছু নিয়ে যেতাম। এখন ঘরও নেই। ছেলেও নেই। কারও জন্য কিছু নিতে হবে না।’ নীরবে চোখ মুছতে থাকেন সোনামণি।
গত সোমবার রাত ও মঙ্গলবার ভোরে পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে এ পর্যন্ত ১১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বান্দরবান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসে মারা গেছে ৩৫ জন। সব মিলিয়ে পাহাড়ধসে প্রাণ হারিয়েছে ১৪৬ জন।
ভেদভেদীর কিনামণি ঘোনা এলাকায় সোনামণি চাকমার প্রতিবেশী রবি চন্দ্র চাকমা (৪৫) সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান। ঘর হারালেও তাঁর পরিবারের চার সদস্য সেদিন রক্ষা পেয়েছিলেন। তাঁরা আশ্রয় নিয়েছেন শহরের যুব উন্নয়ন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে। গতকাল দুপুরে আত্মীয়ের বাড়িতেই কথা হয় তাঁর সঙ্গে। রবি চন্দ্র বলেন, ‘সকাল ছয়টা সবে ঘুম থেকে উঠেছি। ঘরে আমার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছিল। ওরাও ঘুম থেকে উঠে পড়েছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে আমরা সবাই বাইরে ছুটে যাই। আর এক মিনিট দেরি করলে আমরাও মাটিচাপা পড়তাম।’ বরি চন্দ্র নিজের চোখের সামনেই নিজের বাড়ি মাটির স্রোতে ভেসে যেতে দেখেছেন। এই সময় ভেসে যাওয়া একটি শিশুকেও উদ্ধার করেন তিনি। ভেদভেদীর ওই এলাকায় ১৫টি বাড়ি ধসে যায় ও ছয়জনের মৃত্যু হয় বলে তিনি জানান।
শহরের যুব উন্নয়ন এলাকায় গতকাল কথা হয় বেনসন চাকমার (১৯) সঙ্গে। সেদিনের ঘটনায় বেঁচে যাওয়া কলেজপড়ুয়া এই তরুণ বলেন, ‘ঘরে শুয়ে ছিলাম। কিছু বুঝে ওঠার আগে আমি কোমরসমান কাদায় আটকে যাই। পরে আমার মা টেনেহিঁচড়ে আমাকে বের করেন। আমাদের পাকা বাড়িটি বিধ্বস্ত হলেও আমরা পরিবারের সবাই বেঁচে গেছি। তবে আমাদের পাশেই তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।’
শহরের ভেদভেদীর পশ্চিম মুসলিমপাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, ‘আনুমানিক সকাল আটটার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে হঠাৎ পাহাড়ধস। আমরা কোনো রকমে পালাতে পারলেও ছোট বোন রুবি আক্তার ঘরে আটকা পড়ে। বোনটা মারা গেছে। তবে অনেক পরিবারে শোক করার জন্যও কেউ আর বেঁচে নেই। আমাদের বাড়ির পাশে একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেছে।’