ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল রিয়াদ
রিয়াদ হোসেন (১৬), আকাশ খান (১৫) ও মো. ইমন (১৫)। বাড়ির কাউকে কিছু না জানিয়ে তিন বন্ধু এক সাইকেলে চেপে রাতের বেলা এয়ারপোর্টে বেড়াতে যাবে বলে ঠিক করেছিল। বিমানবন্দরের কাছে সাইকেলটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় রিয়াদ।
এই তিনজনই রায়েরবাগ কদমতলীর বাসিন্দা। রিয়াদ হোসেন সম্পর্কে আকাশ খানের মামা। রিয়াদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাত একটার দিকে বিমানবন্দর এলাকার বলাকা ভবনের সামনে যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১৪৭৯১) সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। টহল পুলিশ বাসটিকে আটক করলেও দুর্ঘটনার পরপরই গাড়িচালক ও চালকের সহকারী পালিয়ে যান। কদমতলী থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান রিয়াদ, ইমন ও আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত ইমন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রাথমিক চিকিৎসার পর আকাশকে ছেড়ে দেওয়া হয়।