
বিদায়ী শ্রাবণের বৃষ্টির পানিতে ভিজে ছিল রাজপথ। ডুবে ছিল অলিগলি। ছিল রাজনৈতিক অস্থিরতার অনিশ্চয়তা। কিন্তু এর কোনো কিছুই পাত্তা পায়নি উৎসব-পাগল নগরবাসীর কাছে। পরিবহন সমস্যা উপেক্ষা করে রাজধানীর মানুষ মিলেছিল বিনোদনকেন্দ্রগুলোতে। অনেকে প্রেক্ষাগৃহে সিনেমা দেখে, কেউ বা পরিবার নিয়ে বাসায় বসে টেলিভিশনের অনুষ্ঠান দেখে ছুটি উপভোগ করেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকের ‘ঈদসংখ্যা’ পড়েও সময় কাটিয়েছেন অনেকে। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছিলেন অনেকেই। গত কয়েক দিন তাই রাজধানী অনেকটাই ফাঁকা। যাঁরা রাজধানীতে ছিলেন, তাঁরা ঈদের দিন সকালে নতুন পোশাক পরে গেছেন ঈদগাহে নামাজ আদায় করতে। এর পর থেকে ঈদের ছুটির দিনগুলোতে শুধুই আনন্দ-উচ্ছ্বাস। ঈদের দিন শিশুরা রিকশা, অটোরিকশা, ট্যাক্সিক্যাবে করে বেড়াতে বের হয়। বিনোদনকেন্দ্রেগুলোতে তাদের বন্ধনহীন ছোটাছুটি বড়দের মনে জাগিয়ে তোলে শৈশবের মধুর স্মৃতি। উৎসুক মানুষের ভিড়ে হাতিরঝিলসহ নগরের নতুন-পুরোনো উড়ালসেতুগুলোও পরিণত হয়েছিল একেকটি বিনোদনকেন্দ্রে।
হাতিরঝিলে ভিড়ের প্রভাবে ঈদের দিন রামপুরা কাঁচাবাজার থেকে বাড্ডা পর্যন্ত দীর্ঘ যানজটও হয়। দেখে বোঝার উপায় ছিল না যে ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা।
ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্র হয়েছিল মিরপুরের চিড়িয়াখানা। শিশুরা মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজনের সঙ্গে ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করে। তবে মাঝেমধ্যে তুমুল বৃষ্টি আনন্দ অনেকটা ম্লান করে দেয়।
আরমানিটোলা থেকে থেকে অনীক, আশিক ও তৌসিব চিড়িয়াখানায় এসেছিল ঈদের পরদিন। তিন ভাই মিলে এ খাঁচা থেকে ও খাঁচা ঘুরে ঘুরে দেখেছে। ছোট ভাই তৌসিব জানাল, ঈদের সালামি হিসেবে বড় ভাইয়ের কাছে সে আবদার করেছিল চিড়িয়াখানায় আসবে। বড় ভাই খুলনায় লেখাপড়া করে, তাই বছরের অন্য সময়ে তাঁকে পাওয়া যায় না। চিড়িয়াখানায়ও আসা হয় না। এসব কারণে এবার বৃষ্টি মাথায় নিয়েও ঘর থেকে বেরোয় ওরা।
ওয়ারী থেকে আহনাফ ও আদিব এসেছে বাবার সঙ্গে। আহনাফের বাবা ইউসুফ আলী বললেন, ‘ঈদের সময় বেড়াতে আসার নানা ঝক্কি। সিএনজি অটোরিকশা দ্বিগুণ ভাড়া নিয়েছে। এখানে এসে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন। তবু বাচ্চার মুখের দিকে তাকিয়ে এসেছি। এখন ভেতরে ঢুকতে পেরে ভালো লাগছে।’
মানুষের ঢল নেমেছিল শিশুপার্কে। ঈদের ছুটির আগের দুদিনের মতো গতকাল রোববারও প্রতিটি রাইডের সামনেই ছিল দীর্ঘ সারি। এমনকি শিশুপার্কের সামনে রাস্তায় যানজট লেগেছিল দুপুরের পর থেকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে শিশুপার্কে বিনোদনের নতুন উপাদান যোগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন অনেকে।
যথেষ্ট ভিড় ছিল রমনা পার্কেও। কেউ এসেছিলেন সবান্ধব, কেউ সপরিবারে।
লালবাগের কেল্লা ছিল মানুষের আগ্রহের আরেক স্থান। সেখানেও ছিল উপচে পড়া ভিড়। এ ছাড়া পুরান ঢাকার বলধা গার্ডেন, আহসান মঞ্জিলসহ সংসদ ভবন এলাকা, চন্দ্রিমা উদ্যানের মতো বেড়ানোর জায়গাগুলোতে সপরিবারে এসেছিলেন অনেকে।
রাজধানীর বিভিন্ন এলাকার মাঠে ঈদমেলার আয়োজন করা হয়েছিল। বিকেলে পুরান ঢাকার বিভিন্ন রাস্তায় তরুণদের দল বেঁধে গান-বাজনা নিয়ে মেতে থাকতে দেখা যায়।
ঈদের দিন শুক্রবার থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত নাটকসরণি বেইলি রোডে তরুণ-তরুণীদের ভিড় দেখা যায়। ফুটপাতে আড্ডা মেরে সময় কাটিয়েছে মানুষ। শিল্পকলা একাডেমীতে নাটকের কোনো প্রদর্শনী না হলেও সেখানে অনেককে দেখা গেছে দল বেঁধে আড্ডা দিতে।
রাজধানীর সামান্য দূরে অবস্থিত ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ বিভিন্ন বেসরকারি বিনোদনকেন্দ্রে ছিল বেজায় ভিড়। বৃষ্টিতে ওয়াটার কিংডমের পানিতে নেমে গোসল করা ছিল তরুণ-তরুণীদের কাছে বাড়তি আনন্দের।