ঘুরে ঘুরে ছাগল বিক্রি
বুধবার রাত আটটা। মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফুটপাতে ১২টি ছাগল নিয়ে বসে আছেন দুজন। তাঁদের একজন শাহ আলম জানালেন, গাজীপুর থেকে এসেছেন। হাটে ঢোকেননি। শুনেছেন, ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাগল বিক্রি করা যায়। একটু বিশ্রাম নিয়েই ফার্মগেট এলাকায় যাবেন।
গত দুদিন থেকে বিভিন্ন আবাসিক এলাকায় ছাগলের পাল নিয়ে ঘুরতে দেখা গেছে অনেককে। মো. রহিম তিনটি ছাগল নিয়ে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি ৮ নম্বর সেতুর এক পাশে বসে ছিলেন। কিছু কাঁঠালপাতা জোগাড় করে একটু একটু করে খাওয়াচ্ছেন সেগুলোকে। রহিমের বাড়ি কেরানীগঞ্জে। পাঁচটি ছাগল নিয়ে হাজারীবাগে এক আত্মীয়ের বাসায় উঠেছেন। দুটি আসার পথেই বিক্রি করেছেন। রহিম বলেন, ‘কালকে থেকে এই এলাকায় ঘুরতেছি। আমার মতোন আরও কয়েকজন আইছে ছাগল নিয়া। শুক্রবার পর্যন্ত যদি না বেচতে পারি, তাইলে দেশের হাটে নিয়া বেচুম।’
কলাবাগান থেকে ধানমন্ডি ৮ নম্বরের দিকে তিনটি খাসি ও একটি ছাগল নিয়ে যাচ্ছিলেন কাসেম মিয়া। চারটিই মাঝারি আকারের। কাসেম বলেন, ‘বয়স বেশি না। দেড় বছর আগের। তিনটারেই আদর-যত্ন কইরা পালছি।’
গতকাল ধানমন্ডি ৭/এ তে বায়তুত তাওয়াব আবাসিক এলাকায় ঢোকার মুখেও এ রকম তিনজন ছাগল বিক্রেতাকে পাওয়া গেল। আশপাশ দিয়ে যাঁরাই যাচ্ছেন, দেখছেন। কেউ কেউ দরদামও করছেন।
গতকাল কলাবাগানের লেক সার্কাস সড়কেও ছাগল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকজনকে। কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ফুটপাতে ছাগল নিয়ে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন।