রংপুরে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে বলে মনে করছেন দলের নেতা ও রাজনৈতিক বিশ্লেষকেরা। এলাকার উন্নয়নে দলীয় সাংসদের ভূমিকা না রাখাসহ বিভিন্ন কারণে দল ঘুরে দাঁড়াতে পারছে না বলে নেতা-কর্মী ও সমর্থকেরা মনে করছেন। রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ার কারণেই রংপুরের ছয়টি আসনের মধ্যে গত সংসদ নির্বাচনে তিনটি আসন আওয়ামী লীগের ঘরে চলে গেছে বলে তাঁদের ধারণা।
দলটির প্রবীণ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সদর আসনের সাংসদ রওশন এরশাদের এলাকায় না আসা, এলাকার উন্নয়নে জাতীয় পার্টির ভূমিকা না রাখা, মাঠপর্যায়ে কোনো কর্মিসভা না হওয়া, তৃণমূল পর্যায় থেকে দলের মনোনয়ন না দিয়ে আত্মীয় ও ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়া এবং মহাজোট নিয়ে দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদের দোদুল্যমান অবস্থানের বিষয়ে নানা কথা প্রচলিত থাকায় এলাকার মানুষ জাতীয় পার্টির ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
নেতারা মনে করেন, এরশাদের নিজ জেলা রংপুরের সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয়তা কমতে শুরু করেছে। প্রার্থীর যোগ্যতার বিষয়টি বিবেচনা না করে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয় বলে অনেকের অভিযোগ। ২০০১ সালের নির্বাচনে রংপুরের ছয়টি আসনে জয়ী হয় জাতীয় পার্টি। কিন্তু ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে তিনটি আসন হারাতে হয়েছে। জয়ী হওয়া তিনজনের মধ্যে এরশাদের পত্নী রওশন এরশাদ ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার রয়েছেন। আর অন্যজন হলেন বদরগঞ্জ উপজেলার ব্যবসায়ী আনিছুল ইসলাম মণ্ডল। সর্বশেষ সম্মেলন করে মশিউর রহমানকে দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। যোগ্য নেতৃত্ব না থাকায় এক ব্যক্তিকেই দুটি পদে রাখা হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের স্থানীয় কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন রংপুর পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, মহানগর কমিটির সভাপতি এস এম ইয়াসীর। এতে অনেক নেতা-কর্মী ও সমর্থক নিষ্ক্রিয় হয়ে পড়েন। কাউকে দলীয় সমর্থন না দেওয়ায় সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরফুদ্দীন আহমেদ জয়লাভ করেন।
দলের চেয়ারম্যান রংপুরের ছয়টি আসনের মধ্যে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে করিমউদ্দিন ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) থেকে ফখরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করার সম্ভাবনা থাকলেও বাকি চার আসনে কারা প্রার্থী হবেন, এ নিয়ে জল্পনাকল্পনা চলছে। তবে এ চারটি আসনে দলের চেয়ারম্যান এরশাদ নিজে এবং তাঁর ভাই বতর্মান মহাজোট সরকারের মন্ত্রী জি এম কাদের, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ মশিউর রহমান প্রার্থী হতে পারেন।
জেলা জাতীয় পার্টির সহসভাপতি সৈয়দ নূর আহমেদ বলেন, দলের সাংগঠনিক কাঠামো দুর্বল। নেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়কে মূল্যায়ন না করায় দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। মাঠপর্যায়ে কর্মিসভা না হওয়ায় দল জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
রংপুর-৩ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ মুঠোফোনে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলের চেয়ারম্যান রংপুর থেকে নির্বাচন করবেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান বলেন, জাতীয় পার্টির আবেগকে ব্যবহার করে যাঁরা সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন, চেয়ারম্যান (এরশাদ) তাঁদের দল থেকে বহিষ্কার করেন। আগামী নির্বাচনই প্রমাণ করবে, জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে কি না।