ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন চলছে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সংস্কারকাজ। গতকালের ছবি l প্রথম আলো
এখন চলছে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সংস্কারকাজ। গতকালের ছবি l প্রথম আলো

কাঠে পেরেক ঠোকার ঠকঠক শব্দ। ওয়েল্ডিং মেশিনের আগুনের ফুলকি। কোনো দোকানে নতুন রং চড়ছে। আবার কোথাও দেয়ালে প্লাস্টারের কাজ শেষ পর্যায়ে।
আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান ১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটে (ডিএনসিসি) এখন ঘুরে দাঁড়ানোর ব্যস্ততা। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সংস্কারকাজ চলছে। ধসে পড়া কাঁচাবাজারের জায়গায় অস্থায়ী দোকান তৈরিও শেষ পর্যায়ে। ব্যবসায়ীদের আশা, এ মাসের শেষ নাগাদ সব দোকান চালু হয়ে যাবে।
গত ২ জানুয়ারি রাতে গুলশান ১ নস্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। মার্কেটের দুটি অংশ ছিল। এর মধ্যে আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে যায় এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল সোমবার গিয়ে দেখা যায়, মার্কেটের পার্কিংয়ে দুটি প্যান্ডেল বাঁধা হয়েছে। প্যান্ডেলের ভেতর সারি বেঁধে ৬ বাই ৬ ফুটের বাঁশের কাঠামোর অস্থায়ী দোকান। কাঁচাবাজারের জায়গায়ও অস্থায়ী দোকান তৈরির কাজ চলছে। এক পাশে স্তূপ করে রাখা বাঁশ-দড়ি। প্যান্ডেল বাঁধতে ব্যস্ত ১০-১২ জন। বালু আর ইট বিছিয়ে তৈরি হচ্ছে মেঝে। কাজের তদারক করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান নর্দান এভিয়েশনের প্রকৌশলী ওয়াহাব। তিনি বলেন, ‘কোম্পানি থেকে আজকের মধ্যে কাজ শেষ করার নির্দেশ আছে। আমরা সে রকমই চেষ্টা করছি।’
গুলশান ১ নম্বরের ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আবদুল আউয়াল মাইজভান্ডারী বলেন, ডিএনসিসির পক্ষ থেকে পার্কিংয়ে ৮২টি এবং কাঁচাবাজারের জায়গায় দুই শতাধিক অস্থায়ী দোকান তৈরি হচ্ছে। এই দোকানগুলোতে অগ্নিকাণ্ডে ধসে যাওয়া ২৯১টি স্থায়ী দোকানের ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলে শুনেছেন তাঁরা। আবদুল আউয়াল বলেন, ‘আমাদের অনেকের ভাতের জোগাড়ও অনিশ্চিত। ব্যবসায়ীরা যাতে দ্রুত ব্যবসায় ফিরে আসতে পারেন, সেটাই আশা।’
পাকা মার্কেটের নিচতলা ও দোতলার অনেক দোকান এখনো বন্ধ। মার্কেটে বিদ্যুতের সংযোগ বন্ধ আছে। অস্থায়ী সংযোগ দিয়ে কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা। নিচতলার চালু দোকানগুলোতে গোছগাছের কাজ চলছে। নতুন সাইনবোর্ড ঝোলাচ্ছেন অনেকে। ঝাড়বাতির দোকান ক্রিস্টাল প্যালেসে নতুন রং করা হয়েছে। দুপুরে গিয়ে দেখা যায়, দোকানের কর্মীরা বাক্সবন্দী বাতিগুলো বের করে সাজিয়ে রাখছেন। সঙ্গে চলছে ঝাড়পোঁছ। সব গুছিয়ে উঠতে আরও দিন পনেরো সময় লাগবে বলে জানালেন তাঁরা।
দোতলায় দোকান মেরামতের কাজ চলছে জোরেশোরে। প্রসাধন-গয়নার দোকানগুলোর সামনে অস্থায়ীভাবে কেনাবেচা চলছে। নির্ধারিত দামের চেয়ে প্রায় অর্ধেকে বিকোচ্ছে সব। গয়নার দোকান মুম্বাই ফ্যাশনের বিক্রেতা ইমরান বললেন, বিদ্যুতের স্থায়ী সংযোগটি বন্ধ থাকায় দোকান মেরামতের কাজও ধীরগতিতে চলছে।