আকাশে মেঘ জমে ছিল সকাল থেকেই। ছিটেফোঁটা বৃষ্টি ঝরল দুপুর ১২টার দিকে। তবে শেফালি কিসকু হাত গুটিয়ে নেননি। তাঁর অনেক কাজ। সবে মাটি সমান করে ঘরের ভিত করা হয়েছে। এখন চারকোনায় কংক্রিটের খুঁটিগুলো পুঁতে তার ওপর টিনের চালাটি তুলতে
হবে। তাহলে এই সময়ে-অসময়ে বৃষ্টিতে ভিজে যাওয়া, আর খররোদের দহন থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।
গত মঙ্গলবার শেফালির সঙ্গে দেখা হলো দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রামে। উপজেলা সদর থেকে ১৩-১৪ কিলোমিটার দূরে ছোট্ট এই সাঁওতাল গ্রাম। এখানে ২২টি পরিবারের ৬০টির মতো মাটির বাড়ি ছিল। এখন সেখানে কাদামাটির ওপর টিনের চালগুলো পড়ে আছে। একটি বাড়িও মাথা তুলে নেই। সংসারের তাবত জিনিসপত্র যঁার যঁার বাড়ির অংশে একসঙ্গে স্তূপ করে রাখা। কাদা পানিতে খুব সুখ হয়েছে পালিত শূকরগুলোর। তারা পরম আনন্দে কাদার ভেতরে মুখ গুঁজে শিকড়বাকড় খুঁজছে।
ত্রিধারা স্রোতে
চিরিরবন্দর উপজেলায় বন্যা হয়েছে আত্রাই, কাকরা ও গাবুড়া—এই তিন নদ–নদীর দুকূল
ছাপানো পানিতে। দিনাজপুর থেকে চিরিরবন্দর হয়ে সৈয়দপুর যাওয়ার সড়কটি খুবই ক্ষতিগ্রস্ত। এই সড়কের ওপর দিয়ে বয়ে গেছে বন্যার স্রোত।
চিরিরবন্দরের ১২টি ইউনিয়নের মধ্যে বেশি ক্ষতি হয়েছে ভিয়াইল, সাঁইতারা ও আবদুলপুরে। এসব ইউনিয়নে অধিকাংশই কাঁচা ঘরবাড়ি। অনেকগুলো সাঁওতাল গ্রাম। ঢাকইল গ্রামটি হিন্দুপ্রধান। প্রায় সাড়ে তিন শ বাড়ি। এখন ৫০টিও ভালো অবস্থায় নেই।
নতুন করে জীবনসংগ্রাম
দিনাজপুরের উত্তরে পানি নেমেছে। গ্রামগুলোয় কেবল ধ্বংসস্তূপ। সেসব ঠেলেঠুলে এক পাশে সরিয়ে আবার নতুন করে ঘর বাঁধার কাজে লেগে পড়েছে দুর্গত মানুষ। সব গ্রামে একই ছবি। হুমড়ি খেয়ে পড়ে আছে পুরোনো ঘরের চালা, ধসে যাওয়া দেয়াল। আর নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে বিধ্বস্ত ঘরের দেয়াল সরিয়ে নতুন করে ঘর তৈরির কঠোর পরিশ্রমে ব্যস্ত।
ধানের চারার অগ্নিমূল্য
অধিকাংশ জমির রোপা আমন ধান নষ্ট হয়েছে। যেসব জমির পানি নেমেছে, সেখানে কৃষকেরা চেষ্টা করছেন নতুন করে চারা রোপণের। তবে চারার চড়া দাম। চিরিরবন্দর উপজেলার আউলিয়ার পুকুর ইউনিয়নের বড়দল জিনাহার গ্রামে দেখা গেল, কয়েকজন জমিতে নতুন চারা রোপণ করছেন। তাঁদের একজন আবদুল জলিল জানালেন, এখন এক বিঘা জমির চারা কিনতেই তাঁদের পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হচ্ছে।
ত্রাণের জন্য ভিড়
ভিয়াইল ইউনিয়ন পরিষদের সামনে দুপুরে দেখা গেল, শত শত নারী-পুরুষ হালকা বৃষ্টিতে আধা ভেজা হয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছেন। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় জানালেন, সরকারি ত্রাণ বিতরণ আপাতত শেষ। এখন তাঁরা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা তৈরি করছেন। এই ইউনিয়নে পরিবারের সংখ্যা ৬ হাজার ২০০। এর মধ্যে প্রায় চার হাজার ক্ষতিগ্রস্ত। তালপুকুর, সরইল, ভিয়াইল ও নানিয় দিঘর গ্রামে বাঁধ ভেঙে আত্রাই ও কাকরা নদীর পানি প্রবেশ করেছে। প্রায় ছয় হাজার একর জমির রোপা আমন নষ্ট হয়েছে।
চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ
বন্যাদুর্গতদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে বিভিন্ন বেসরকারি সংস্থা চিকিৎসা ক্যাম্প চালু করেছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে ভিয়াইল ইউপি কার্যালয়ে। চিরিরবন্দর শহরে ২০ আগস্ট থেকে দুটি চিকিৎসা ক্যাম্প চালু করেছে বেসরকারি সংস্থা আশা। চিকিৎসক প্রসেনজিৎ কুমার মহন্ত জানালেন, জ্বর, সর্দি, পেটের সমস্যা ও পায়ে চর্মরোগে আক্রান্ত রোগীই বেশি আসছে। এ ছাড়া দিনাজপুর উদীচী শিল্পীগোষ্ঠী ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যক্তিগত উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে ওষুধ বিতরণ করছেন।
বাঁধ ভেঙেছে ৩১ স্থানে
দিনাজপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ৩১টি স্থানে ভেঙে গিয়ে পুনর্ভবা, ঢেপা ও আত্রাইয়ের পানি ঢুকেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান জানালেন, দিনাজপুরে বড় ধরনের বন্যা হয়েছিল ১৯৬৮, ১৯৮৮ ও ১৯৯৮ সালে। এবারের বন্যা অতীতের সব কটির চেয়ে বড়। ক্ষতিও হয়েছে বেশি।
জেলা ত্রাণ কর্মকর্তা মোখলেসুর রহমানকে সন্ধ্যায় তাঁর কক্ষেই পাওয়া গেল। তিনি জানালেন, প্রাথমিক হিসাবে দিনাজপুরে ৫৯ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৫৭৯টি সদর, বিরল ও চিরিরবন্দরেই ক্ষতি বেশি। পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১ হাজার ৫৯৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
ঘোড়াঘাট ও নবাবগঞ্জে ১০ হাজার লোক পানিবন্দী
দিনাজপুরের ভাটির দিকে এখনো জলাবদ্ধতা রয়েছে। দক্ষিণের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বাঁধ ভেঙে প্রায় ১০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কবুলিপাড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চারটি ইউনিয়নের ১১টি গ্রামে পানি ঢুকেছে। এতে ৮৫০টি পরিবারের প্রায় সাড়ে চার হাজার লোক দুর্ভোগে পড়ে।