ঘুরে দাঁড়াতে পারেনি আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের ফলাফল বিপর্যয়ের ধাক্কা সামলাতে নানা প্রস্তুতি নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্ররা। প্রশাসনিক ‘সহায়তা’ থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বেশির ভাগ উপজেলায় পরাজিত হয়েছেন।
এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে বেশ কিছু উপজেলায় কেন্দ্র দখল, সংঘর্ষ ও সরকারি দলের বাড়াবাড়ির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। তবে শেষ পর্যন্ত ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকায় দলটির কেন্দ্রীয় নেতারা সন্তুষ্ট বলে জানা গেছে।
দ্বিতীয় ধাপে ১১৫টি উপজেলার মধ্যে ১১১টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫০টিতে বিএনপি ও ৪৪টি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপির মিত্র জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা আটটি উপজেলায় জয়লাভ করেছেন। বিএনপি-জামায়াত একত্রে ৫৮টি উপজেলায় বিজয়ী হয়েছে।
জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মাত্র একটি উপজেলায় জয়লাভ করেছে। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্য শরিক দলের কেউ জয়ের মুখ দেখেননি।
১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ৯৭টি উপজেলার মধ্যে বিএনপি ৪৪ ও জামায়াত ১২টিতে জয়লাভ করে। আওয়ামী লীগ ৩৪ ও জাতীয় পার্টি একটিতে জয়ী হয়। দুই ধাপে বিএনপি-জামায়াত মোট ১১৪টি এবং আওয়ামী লীগ ৮০টি উপজেলায় জয়লাভ করল।
আ.লীগের নানা চেষ্টা: প্রথম ধাপের নির্বাচনে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ। প্রশাসনিক সহায়তা নেওয়া ছাড়াও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। ১১৫টি উপজেলার মধ্যে অন্তত ৪৬টি উপজেলায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিল।
দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় ধাপের নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের দেখভালের দায়িত্ব নেন। তিনি দলের সংশ্লিষ্ট জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া তিনি পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। আইনগতভাবে উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ন্ত্রণে ১০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পরও ‘বিদ্রোহীদের’ বসাতে পারেনি দলটি।
প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও ফলাফল বিপর্যয়ের জন্য বিদ্রোহী প্রার্থী ও সাংগঠনিক বিশৃঙ্খলা দায়ী বলে মনে করেন আওয়ামী লীগের দুজন সাংগঠনিক সম্পাদক। নাম প্রকাশের অনিচ্ছুক এই দুই নেতা বলেন, দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ দলে সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার চেয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এ কারণে কোনো উদ্যোগই কাজে আসেনি।
ঢাকা বিভাগে ২৫টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। ধর্মমন্ত্রী মতিউর রহমানের ভাই ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় ময়মনসিংহ সদরে আওয়ামী লীগের প্রার্থী জিততে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর, নেত্রকোনার বারহাট্টা, ফরিদপুরের নগরকান্দায়ও ‘বিদ্রোহীরা’ দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ বলে মনে করা হয়। তবে ঢাকা বিভাগের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দাবি করেন, তিনি এ ফলাফলে হতাশ নন।
রংপুর বিভাগের ১৬ উপজেলার মধ্যে সাতটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। রাণীশংকৈল, ঘোড়াঘাট ও নাগেশ্বরীতে ‘বিদ্রোহী প্রার্থী’ এবং পলাশবাড়ীতে আওয়ামী লীগের তিনজন প্রার্থী থাকার কারণে এসব উপজেলায় বিএনপি ও জামায়াত জয়ী হতে পেরেছে বলে মনে করা হয়। এখানে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের ভূমিকা নিয়েও বিতর্ক রয়েছে। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর এলাকা চিরিরবন্দরেও বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
খুলনা বিভাগের ১৬টি উপজেলার মধ্যে মাত্র ছয়টিতে আওয়ামী লীগ জিতেছে। এ বিভাগের সাতক্ষীরার শ্যামনগরে এবং যশোরের ঝিকরগাছা, বাঘারপাড়াসহ কয়েকটি উপজেলায় বিদ্রোহী প্রার্থী ছিল।
এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দাবি করেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা সমস্যা হয়েছে।
রাজশাহী বিভাগের ২২ উপজেলার মধ্যে মাত্র পাঁচটিতে আওয়ামী লীগ জিতেছে। নাটোরের গুরুদাসপুর ও লালপুরে স্থানীয় সাংসদের কারণে দলীয় প্রার্থী জিততে পারেননি বলে অভিযোগ আছে। সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এ বিভাগে সাংগঠনিক সমস্যার কথা স্বীকার করেছেন।
চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলার মধ্যে মাত্র নয়টিতে সরকারি দলের প্রার্থীরা জিতেছেন। পার্বত্য এলাকার সাতটি উপজেলার একটিতেও আওয়ামী লীগের কেউ জেতেননি। এ এলাকায় জনসংহতি সমিতি ও বিএনপির মধ্যে একটা সমঝোতা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
পটিয়ায় স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরীর হস্তক্ষেপে দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাইয়েও বিএনপি-সমর্থিত প্রার্থী জিতেছেন। বরিশাল বিভাগের পাঁচটি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জিতেছেন।
প্রতিবাদে সরব থাকবে বিএনপি: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন স্থানে সরকারি দলের প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখল ও সন্ত্রাসের অভিযোগ তুলে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায় মনে করে, এ নির্বাচনে অন্তত ২২টি উপজেলায় ‘বড় ধরনের কারচুপি’ হয়েছে।
এর পরও বিএনপি-সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকায় দলটির নীতিনির্ধারকেরা সন্তুষ্ট বলেও জানিয়েছেন দলের একজন যুগ্ম মহাসচিব। দলের নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত এই নেতা বলেন, প্রথম দফার ফলাফলের পর বিএনপির আশঙ্কা ছিল সরকার নিজেদের অবস্থান ধরে রাখতে দ্বিতীয় দফায় বল প্রয়োগ করবে। সেটা অনেকাংশে সত্য প্রমাণিত হয়েছে। তাই ‘প্রকাশ্যে ভোট ডাকাতির’ প্রতিবাদে আরও সরব থাকবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যশোরসহ বিভিন্ন জায়গায় প্রশাসনের ছত্রচ্ছায়ায় যে সন্ত্রাস হয়েছে, তা ন্যক্কারজনক, হতাশাব্যঞ্জক। তার পরও মানুষ বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮৫ শতাংশের বেশি ভোট পেত বলে দাবি করেন।
এ ছাড়া বিএনপির নেতারা মনে করেন, সব উপজেলায় দল ও জোটগতভাবে একক প্রার্থী দিতে পারলে আরও কয়েকটি উপজেলায় জয়ের সম্ভাবনা ছিল। দ্বিতীয় ধাপের নির্বাচনে ১১৫টি উপজেলার মধ্যে অন্তত ৪৪টিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। এর মধ্যে কয়েকটিতে বিএনপিকে দলটির মিত্র জামায়াতের প্রার্থীকেও মোকাবিলা হরতে হয়েছে। এই ৪৪টি উপজেলার মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ২২টিতে জিতেছেন। ২২টিতে হেরেছেন। এসব উপজেলার মধ্যে দুটিতে বিএনপির বিদ্রোহী, চারটিতে জামায়াত এবং বাকি ১৬টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন।
এর বাইরে আরও অন্তত ১২টি উপজেলায় বিএনপির প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতেরও প্রার্থী ছিল। এই ১২টির মধ্যে চারটিতে বিএনপি ও দুটিতে জামায়াতের প্রার্থী নির্বাচিত হন। বাকি ছয়টিতে জিতেছে আওয়ামী লীগ।