নেত্রকোনা
ঘুরে দাঁড়ানো নিয়েই শঙ্কায় বন্যার্তরা
সরকারি হিসাবে, বন্যায় ৫ লাখ ৫৫ হাজার ৫৫০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা আরও বেশি।
ছায়া রানী সরকার সহায়–সম্পত্তিহীন। কয়েক বছর আগে স্বামী মারা গেছেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসাউরা গ্রামে রাস্তার পাশে একটা ভাঙা ঘরে থাকতেন। তিন বছর আগে এলাকার লোকজন মিলে দুটি ভেড়া কিনে দেন ছায়া রানীকে।
ছায়া রানীর ভেড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭। আসন্ন পবিত্র ঈদুল আজহায় কয়েকটা ভেড়া বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন বন্যার পানিতে ভেসে গেছে। ছায়া রানীর সাতটি ভেড়াই মারা গেছে বন্যার পানিতে ডুবে।
ছায়া রানীর মতো নেত্রকোনার বহু মানুষ এবার বন্যায় নিঃস্ব হয়েছেন। সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় মাছ ভেসে যাওয়ায় মূলধন হারিয়েছেন মাছচাষিরা। অনেকে বিধ্বস্ত ঘরবাড়ি টাকার অভাবে সংস্কার করতে পারছেন না। ঘরের ধান-চাল পানিতে নষ্ট হওয়ায় খাবারের কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কিত বানভাসি মানুষেরা।
বন্যায় কলমাকান্দা উপজেলার বাবনী গ্রামের কৃষক জালাল মিয়ার ঘরের মাচার ধান ও খড় ছয় দিন পানিতে ডুবে ছিল। এতে সেদ্ধ ধানগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। খড়েও পচন ধরেছে।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ জুন রাত থেকে জেলায় আকস্মিক বন্যা শুরু হয়। জেলার ১০টি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার মানুষ ঠাঁই নেয়। পানিবন্দী হয় ১৪ লাখের ওপর মানুষ। সরকারি হিসাবে, বন্যায় ৫ লাখ ৫৫ হাজার ৫৫০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় লোকজন বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রকৃত সংখ্যা আরও বেশি।
গত ১৭ জুন সকালে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে সোমেশ্বরী নদী উপচে পানি দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। পানির চাপে সড়ক ভেঙে শত শত বসতবাড়ি বিধ্বস্ত হয়। ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ এখন নিঃস্ব। ওই গ্রামের আবদুল কুদ্দুস বলেন, ‘মাত্র এক ঘণ্টার স্রোতে আমার দুটি ঘরই ভেঙে নিয়ে গেছে। পরনের কাপড় ছাড়া এখন বাড়িতে কিছুই নেই।’
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব উল আহসান প্রথম আলোকে বলেন, বন্যায় দুর্গাপুরের গাঁওকান্দিয়া এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা–পাকা ঘর ও গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
কলমাকান্দা উপজেলার ঘনিচা গ্রামের বাসিন্দা বন্ধন নাগ (৪২)। ধারদেনা করে এ বছর তিনি নিজ বাড়ির সামনের পুকুরগুলোয় ১৫ লাখ টাকা মাছের প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু বন্যায় সব মাছ ভেসে গেছে। এখন দিশাহারা হয়ে চারদিকে অন্ধকার দেখছেন তিনি।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, ১৬ জুন থেকে শুরু হওয়া বন্যায় জেলার ১০টি উপজেলাতেই মৎস্যসম্পদের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত মাছচাষির সংখ্যা ২১ হাজার ৭৬৬।
নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো তলিয়ে আছে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ কারণে অনেক পরিবার এখনো আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারেনি। মদন, খালিয়াজুরি, মোহনগঞ্জ, বারহাট্টা, আটপাড়া ও কলমাকান্দা উপজেলার নিচু এলাকায় বাড়িঘর ও রাস্তাঘাটে বন্যার পানি আছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৬১টি ইউনিয়নে ২২ হাজার ৫১৫টি পরিবার এখনো পানিবন্দী। বিভিন্ন উপজেলার ২৪৫টি আশ্রয়কেন্দ্রে ৮ হাজার ৭১০ জন রয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, যাদের ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত, তাদের কিছু অর্থ অনুদান ও টিনের ব্যবস্থা করা হবে। ক্ষতিগ্রস্ত মাছচাষি, খামারিদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে কোনো সাহায্য পাওয়া গেলে তা বিতরণ করা হবে।
বন্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্যার পানি ওঠায় নেত্রকোনা জেলায় সাত শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে যায়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৪০। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে শ খানেক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, বন্যায় পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য অনুযায়ী, জেলায় এলজিইডির আওতাধীন পিচঢালাই, ইট সোলিং ও কাঁচা সব মিলিয়ে সড়ক আছে ৫ হাজার ৮৫৩ কিলোমিটার। এবারের বন্যায় প্রায় ৪ হাজার কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়।
পানি কমতে শুরু হলেও এখনো বিভিন্ন ইউনিয়নে সড়ক পানির নিচে ডুবে আছে। সব উপজেলায় এখনো সড়ক যোগাযোগ সচল হয়নি। যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, সেগুলোর অধিকাংশই ব্যবহার করা যাচ্ছে না। পানির স্রোতে জায়গায় জায়গায় সড়কগুলো ভেঙে গেছে, বড় গর্তের সৃষ্টি হয়েছে।
নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম শেখ প্রথম আলোকে বলেন, যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, তার মধ্যে ৬৪৪ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০২ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানান তিনি।
চলমান বন্যায় বেশির ভাগ কৃষকের বাড়িঘরে পানি ঢুকেছে। নষ্ট হয়ে গেছে হাজার হাজার খড়ের গাদা আর গোচারণভূমি। তাই গবাদিপশুর খাবার ও আশ্রয়ের স্থান নিয়ে বিপাকে পড়েছে বন্যাদুর্গত কৃষক পরিবারগুলো। সংকট দেখা দিয়েছে পশুখাদ্যের।